খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ
বকেয়ার জন্য দৌড়ঝাঁপ, কষ্টের জীবন শিক্ষকদের
ভবিষ্য তহবিল ও গ্র্যাচুইটির টাকা পাচ্ছেন না অবসরে যাওয়া কর্মকর্তা ও কর্মচারীরা। মানবেতর জীবনযাপন।
খুলনার রাষ্ট্রায়ত্ত প্লাটিনাম জুট মিল স্কুলের হিসাববিজ্ঞানের শিক্ষক ছিলেন অমেরেন্দ্র নাথ বিশ্বাস। ২০১৪ সালের এপ্রিলে চাকরি থেকে অবসর গ্রহণ করেন তিনি। অবসর গ্রহণের পর ভবিষ্য তহবিল ও গ্র্যাচুইটির প্রায় কোনো টাকাই পাননি। ক্যানসারে আক্রান্ত হয়ে চলতি বছরের সেপ্টেম্বরে তিনি মারা যান।
অমেরেন্দ্র নাথ বিশ্বাসের তিন মেয়ে। বড় মেয়ে চন্দনা রানী বিশ্বাস প্রথম আলোকে বলেন, অবসরের পর প্রভিডেন্ট ও গ্র্যাচুইটি মিলে বাবার প্রায় ১৯ লাখ টাকা পাওনা ছিল। কিন্তু সেই টাকা পাওয়া যায়নি। টাকা পাওয়ার জন্য বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করেছেন বাবা। কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) থেকে বলা হয়েছে ফান্ডে টাকা না থাকায় প্রতিষ্ঠানটি টাকা দিতে পারছে না।
চন্দনা রানী বিশ্বাস আরও বলেন, ‘টাকার অভাবে বাবাকে ভালো করে চিকিৎসাও করাতে পারিনি। একপ্রকার ধুঁকে ধুঁকেই মারা গেছেন বাবা। মা লাভলী রানী বিশ্বাস বর্তমানে আমার কাছে রয়েছেন। তিনিও অসুস্থ। টাকার অভাবে তাঁর চিকিৎসাও করাতে পারছি না।’
অমেরেন্দ্র নাথ বিশ্বাসের মতো এমন কষ্টে রয়েছেন খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল স্কুলের চাকরি থেকে অবসরে যাওয়া শিক্ষকেরা। ২০১৩ সালের জুলাই থেকে যাঁরা অবসরে গিয়েছেন, মূলত তাঁরাই ওই সমস্যায় পড়েছেন। রাষ্ট্রায়ত্ত পাটকল স্কুলের শিক্ষকেরা বিজেএমসির আওতাভুক্ত। বিজেএমসির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীর মতোই তাঁরা কোনো অবসর ভাতা পাবেন না। তবে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির টাকা একবারে দেওয়ার কথা। ওই টাকা পেতে তাঁরা আন্দোলনে নেমেছেন। ৫ ডিসেম্বর খুলনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। ৮ ডিসেম্বর বিজেএমসির খুলনা আঞ্চলিক কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেন। গতকাল বুধবার বিকেলে খালিশপুরের প্লাটিনাম জুট মিলের সামনে সমাবেশ করেন।
এসময় চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো- অবিলম্বে প্রভিডেন্ট ফান্ডের ও গ্র্যাচুটির সব পাওনা পরিশোধ করতে হবে, কারো বিরুদ্ধে অডিট আপত্তি ও মামলা থাকলে তা নিস্পত্তি করে পাওনা পরিশোধের ব্যবস্থা করতে হবে এবং শ্রমিকদের ৬ সপ্তাহের মজুরি ও পাওনা সঞ্চয়পত্র পরিশোধ করতে হবে।
অবসরে যাওয়া প্লাটিনাম জুট মিল স্কুলের আরেক শিক্ষক শফিকুল ইসলাম। হিসাব অনুযায়ী অবসরের পর ৩৮ লাখ টাকার কিছু বেশি পাওয়ার কথা। কিন্তু পাঁচ বছর ধরে মাঝেমধ্যে ২০ হাজার করে টাকা দিয়ে মাত্র ৬ লাখ ১৫ হাজার টাকা পেয়েছেন। এককালীন টাকা পেলে নিজের একটি বাড়ি তৈরি ও হজে যাওয়ার ইচ্ছা ছিল তাঁর। এখনো ভাড়া বাড়িতে ছেলেদের সঙ্গে থাকতে হচ্ছে তাঁকে।
শফিকুল ইসলাম বলেন, সব চাকরিজীবীরই চাকরি শেষে প্রাপ্ত টাকা দিয়ে কিছু একটা করার ইচ্ছা থাকে। কিন্তু ২০১৩ সালের জুলাইয়ের পর অবসর নেওয়া রাষ্ট্রায়ত্ত পাটকলের কর্মকর্তা-কর্মচারীদের সেই ইচ্ছা অপূর্ণই থেকে গেছে। বাসাভাড়া, ওষুধ, খাওয়া সবকিছুর জন্যই এখন অন্যের ওপর নির্ভর করে থাকতে হচ্ছে। সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছেন পিয়ন, মালি, সুইপার শ্রেণির কর্মচারীরা।
খুলনা অঞ্চলে মোট নয়টি রাষ্ট্রায়ত্ত পাটকল রয়েছে। এর মধ্যে ২০১৩ সালের জুন মাসের পর অবসরে গিয়েছেন ৮৯০ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এর মধ্যে কতজন শিক্ষক রয়েছেন, তা কেউ আলাদা করে বলতে পারেননি। আন্দোলন করছেন খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তা সমন্বয় পরিষদের ব্যানারে।
পরিষদের সদস্যসচিব এস এম জাকির হোসেন বলেন, গত বছর পাটকলগুলো একযোগে বন্ধ করার সময় এককালীন সব টাকা পরিশোধের ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু তাঁদের টাকা দেওয়া হয়নি।
এ ব্যাপারে বিজেএমসি খুলনা অঞ্চলিক কাযালয়ের সমন্বয়কারী মো. গোলাম রব্বানী প্রথম আলোকে বলেন, বর্তামানে বিজেএমসির কোনো তহবিল নেই। এ কারণে টাকা দেওয়া হচ্ছে না। তবে বকেয়া পরিশোধের প্রক্রিয়া শুরু হয়েছে।