বক্তৃতায় নয়, কাজে সততা থাকতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সাংসদ কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, বক্তৃতা দিয়ে সততার কথা বললেই হবে না, কাজে সততা থাকতে হবে। বাংলাদেশ উন্নয়নশীল দেশে পৌঁছে গেছে। ভবিষ্যতে মধ্যম আয়ের দেশে পৌঁছাবে। ২০৪১ সালে বাংলাদেশ হবে সমৃদ্ধিশালী দেশ। তবে সরকারের এই লক্ষ্য বাস্তবায়ন করতে হলে সবাইকে নিজ নিজ স্থান থেকে একযোগে সততার সঙ্গে কাজ করে যেতে হবে। আজ বৃহস্পতিবার দুপুরে বরিশাল জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি সভাপতি জাহিদ ফারুক বলেন, ‘আমরা বক্তৃতায় অনেক কথা বলি। বক্তৃতার সঙ্গে কাজের মিল নেই। বক্তৃতায় সততার কথা বলি, কিন্তু কাজে সততা প্রকাশ পায় না। সবাইকে সততা এবং আন্তরিকতার সঙ্গে কাজ করলে বরিশাল জেনারেল হাসপাতাল একটি আধুনিক হাসপাতালে পরিণত করা সম্ভব।’ রোগীদের সেবা বাড়ানোর লক্ষ্যে চিকিৎসকসহ অন্যদের সততা ও আন্তরিকতা নিয়ে কাজ করারও তাগিদ দেন প্রতিমন্ত্রী।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে জেনারেল হাসপাতালের হলরুমে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা শুরু হয়। এতে সভাপতির বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, জেলা সিভিল সার্জন মো. মনোয়ার হোসেন, গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জেরাল্ড অলিভার, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মলয় কৃষ্ণ বড়াল, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান, ব্যবস্থাপনা কমিটির সদস্য বরিশাল নগর আওয়ামী লীগের সহসভাপতি মো. আনোয়ার হোসাইন। সভায় জেনারেল হাসপাতালের উন্নয়নে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে সেগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়।
সভা শেষে প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের কার্যক্রম ঘুরে দেখেন ও রোগীসহ অন্যদের সঙ্গে কথা বলেন।