বখাটের কোপে আহত স্কুলছাত্রীর বিরুদ্ধেই এবার উল্টো মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা জেলার মানচিত্র

নেত্রকোনার মোহনগঞ্জে বখাটে তরুণের দায়ের কোপে জখম হওয়া সেই স্কুলছাত্রীর (১৬) বিরুদ্ধে এবার উল্টো মামলা হয়েছে। গতকাল সোমবার অভিযুক্ত তরুণ মুন্না মিয়ার (২১) বাবা সারোয়ার জাহান বাদী হয়ে আদালতে এই মামলা করেন। মামলায় ওই স্কুলছাত্রী ও তাঁর বাবাসহ পরিবারের সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিন–চারজনকে আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, ওই স্কুলছাত্রী উচ্ছৃঙ্খল প্রকৃতির। সে কারও বাধানিষেধ না মেনে যেভাবে খুশি সেভাবে চলাফেরা করে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে ওই স্কুলছাত্রী ও তার পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বাদী সারোয়ার জাহানকে আক্রমণ করতে যান। এ সময় সারোয়ার জাহান দৌড়ে বাড়িতে ঢুকে দরজা লাগিয়ে দেন। পরে ওই ছাত্রী ঘরের দরজা ভেঙে সারোয়ার জাহানকে চুলের মুঠি ধরে বাইরে এনে শ্লীলতাহানি করে। এ সময় সারোয়ার জাহানের পরিবারের লোকজন রক্ষা করতে গেলে তাঁদেরও মারধর করা হয়। একপর্যায়ে হামলাকারীরা ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মোট ২ লাখ ৭৫ টাকার মালামাল নিয়ে যান বলে উল্লেখ করা হয়েছে।

তবে অভিযোগের শুরুতে বাদী নিজেকে ‘আমি আইন আদালত মান্যকারী সহজ, সরল ও অসহায় মহিলা’ বলে উল্লেখ করেছেন। যদিও বাদী সারোয়ার জাহান একজন পুরুষ।

ওই ছাত্রীর বাবা মামলার প্রতিক্রিয়ায় বলেন, ‘ঘটনা ধামাচাপা দিতে প্রতিপক্ষ আমার মেয়েকে চরিত্রহীন বলে প্রচারণা চালাচ্ছে। এমনকি সে ছাত্রী নয়, পড়াশোনা করে না—এসব বলেও প্রচার করছে। আমাদের বিপদে ফেলার জন্য উল্টো তাঁরা মামলা করেছে। আশা করি আদালতে ন্যায়বিচার পাব।’

ছাত্রীর পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী শাহারিয়ার করিম বলেন, ‘মামলার কপি হাতে পেয়েছি। আগামী ৬ জুন আসামিদের হাজিরা দিতে সমন দিয়েছেন আদালত।’

আরও পড়ুন

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান প্রথম আলোকে বলেন, আদালতে ওই স্কুলছাত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে তিনি জেনেছেন। তবে এ সম্পর্কে এখনো কোনো কাগজপত্র থানায় পৌঁছায়নি। আর ওই ছাত্রীকে জখমের ঘটনায় করা মামলার আসামিরা গা–ঢাকা দিয়েছেন। তাঁদের গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মুন্না মিয়া ওই ছাত্রীকে গত শুক্রবার সন্ধ্যায় লাঠিপেটা করার পর দা দিয়ে আঘাত করেন। পরে ওই ছাত্রীকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ছাত্রীর বাবা মুন্না মিয়া, তাঁর ভাই মোবারক হোসেন, চাচা দেলোয়ার জাহানসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন। এ নিয়ে গত রোববার প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়।

ওই ছাত্রীর বাবা জানান, দায়ের কোপে তাঁর মেয়ের কপালে গভীর ক্ষত হয়েছে। ডান চোখ ফুলে আছে। অনেকগুলো সেলাই লেগেছে। সে এখনো হাসপাতালে ভর্তি। গুরুতর আহত হওয়ার কারণে সে বিদ্যালয়ের এসএসসির টেস্ট পরীক্ষায় অংশ নিতে পারছে না।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শহীদুল্লাহ জানান, মেয়েটির চোখের ওপরে গভীরভাবে কেটে গেছে। পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।