বখাটের ছুরিকাঘাতে পুলিশ হতে চাওয়া তরুণ নিহতের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাফি ভূঁইয়া
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বখাটের ছুরিকাঘাতে পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষার বাছাইপর্বে উত্তীর্ণ রাফি ভূঁইয়া (১৯) নিহতের ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। নিহত রাফির বাবার করা মামলায় আসামি করা হয়েছে তিনজনকে। এর মধ্যে গ্রেপ্তার একজনের তথ্য অনুযায়ী আজ বুধবার দুপুরে উপজেলার আহাম্মদপুর গ্রাম থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাফি ভূঁইয়ার পুলিশের কনস্টেবল পদে লিখিত পরীক্ষা ছিল। এ জন্য আগের দিন সোমবার সন্ধ্যার দিকে বাবার কাছ থেকে ১০০ টাকা নিয়ে উপজেলার আহাম্মদপুর গ্রামের বাড়ি থেকে নবীনগর উপজেলা সদরের খালার বাসায় যাচ্ছিলেন। পথে মেয়েদের উত্ত্যক্তকারীদের ছুরিকাঘাতে নিহত হন তিনি। রাফি উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের নিয়ামুল ভূঁইয়ার একমাত্র ছেলে।

এ ঘটনায় গতকাল রাতে নবীনগর থানায় একটি হত্যা মামলা করেছেন নিয়ামুল ভূঁইয়া। এ মামলায় গতকাল বিকেলেই অন্যতম আসামি মো. প্রদীপকে (২০) গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। প্রদীপ একই ইউনিয়ন ও গ্রামের বিল্লাল মিয়ার ছেলে। প্রদীপের দেওয়া তথ্যমতে, ঘটনাস্থল আহাম্মদপুর গ্রাম থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। মামলায় অপর দুই আসামি একই গ্রামের মো. রাফি (২১) ও শিমুল মিয়া (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহাম্মদপুর গ্রামের বখাটে প্রদীপ, রাফি ও শিমুল প্রায় সময় ওই গ্রামের মেয়েদের উত্ত্যক্ত করতেন। সম্প্রতি তাঁরা গ্রামের একটি মেয়েকে বেশ কয়েক দিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে ওই মেয়ের ভাইসহ স্থানীয় চার-পাঁচজন রাফি, প্রদীপ ও শিমুলকে ডেকে আহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে যান। কথাবার্তার একপর্যায়ে প্রদীপ কোমর থেকে ছুরি বের করেন। এ সময় প্রদীপসহ বাকিরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁদের ধাওয়া করেন। ওই সময় বাড়ি থেকে বের হয়ে নবীনগর পৌর এলাকার কলেজপাড়ার উদ্দেশে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় রাফির বুকে ছুরিকাঘাত করেন প্রদীপ। পরে তাঁরা সেখান থেকে পালিয়ে যান। স্থানীয় ব্যক্তিরা রাফিকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম ও নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ প্রথম আলোকে বলেন, নিহত তরুণের বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি মামলা করেছেন। প্রধান আসামি প্রদীপকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর দেওয়া তথ্যমতে ঘটনাস্থলের আশপাশ থেকে ছুরিটি উদ্ধার করা হয়েছে। প্রদীপ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন।