বখাটের হাত থেকে বাঁচাতে মেয়ের বিয়ে, শেষ রক্ষা হলো না
বরিশালের বাকেরগঞ্জে বখাটে ইব্রাহিম খানের উৎপাত থেকে বাঁচাতে কিশোরী অবস্থায় সাবিনাকে বিয়ে দিলেও শেষ রক্ষা হয়নি। বাবার বাড়িতে বেড়াতে এলে ওই বখাটে সহযোগীদের নিয়ে সাবিনার ওপর হামলা চালিয়ে তাঁর মুখমণ্ডলে আঘাত করে জখম করেছেন। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
ভুক্তভোগী সাবিনার ভাষ্য, ২০১৫ সালে বরিশাল হাতেম আলী কলেজে হিসাব বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া হন তিনি। ভর্তির পর কলেজে আসা-যাওয়ার সময় কথা বলতে চাইতেন ইব্রাহিম খান। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালান, বাড়ি বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে। তিনি বিবাহিত ও তাঁর দুটি সন্তান আছে। ইব্রাহিম তাঁকে প্রেমের প্রস্তাব দেন। রাজি না হওয়ায় তাঁকে উত্ত্যক্ত করতে শুরু করেন। এ থেকে মুক্তির জন্য ২০১৬ সালে পরিবার থেকে তাঁকে বরিশাল সদর উপজেলার মিলন মিয়ার সঙ্গে বিয়ে দেন। শ্বশুরবাড়িতে গিয়ে বিয়ে ভেঙে দেওয়ার জন্য নানা তৎপরতা চালান। ২০১৮ সালে তাঁর ছেলের জন্ম হয়। কিন্তু বখাটে ইব্রাহিমের তৎপরতা থামেনি।
সাবিনার ছোট ভাই শামীম অভিযোগ করেন, ৬ মাস ধরে ইব্রাহিম তাঁর বোন সাবিনাকে স্বামীর সংসার ছেড়ে তাঁকে বিয়ে করার জন্য ফোনে উত্ত্যক্ত করতে থাকেন। আর সেটা না করলে তাঁকে ৫০ হাজার টাকা দিতে বলেন। টাকা না দিলে সাবিনা, তাঁর স্বামী-সন্তান ও মা-ভাইকে হত্যা করার হুমকি দেন ইব্রাহিম। সাবিনা টাকা দিতে পারবেন না বলে জানিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ইব্রাহিম সহযোগীদের নিয়ে বেড়াতে আসা তাঁর বোনের ওপর গত রোববার হামলা করেন। ছুরি দিয়ে সাবিনার মুখমণ্ডল জখম করেন। শামীম বলেন, ‘আমরা গরিব মানুষ। আমরা ইব্রাহিমের ভয়ে আছে। কী দিয়ে কী করব, ভাবতে পারছি না।’
আহত সাবিনা গতকাল বুধবার সকালে হাসপাতালের বিছানায় শুয়ে বলছিলেন, ‘আমরা গরিব, অসহায়। আমাদের কেউ নেই। ইব্রাহিমের অত্যাচারে জীবনটা বিষিয়ে উঠেছে। তাতেও ক্ষান্ত হয়নি। আমাকে কুপিয়ে জখম করেছে। আমার সংসার ভাঙার জন্য কয়েক বছর ধরে চেষ্টা করে যাচ্ছে। কয়দিন পরপরই হুমকি দেয়, স্বামী-বাচ্চাকে মেরে ফেলবে। যত দিন বাঁচব, তত দিন ক্ষতি করবে। যাকে পাবে তাঁকেই নাকি মেরে ফেলবে। জানি না আমাদের কী হবে!’ গতকাল বিকেলে ব্যবস্থাপত্র দিয়ে সাবিনাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে ইব্রাহিম খানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দীন প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি শোনার পর আমাদের এক কর্মকর্তাকে গতকাল সকালে হাসপাতালে পাঠানো হয়েছিল। তিনি সবকিছু জেনে এসেছেন। তবে ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় কোনো লিখিত বা মৌখিক অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
শেষ পর্যন্ত ইব্রাহিম দেখে নিয়েছেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বাবার বাড়ি বরিশালের বাকেরগঞ্জের বাড়ৈইকান্দি গ্রামে থাকা সাবিনা তাঁর মাকে নিয়ে প্রতিবেশীর বাড়ি থেকে ফেরার পথে ইব্রাহিম সহযোগীদের নিয়ে হামলা চালান। সাবিনার মুখমণ্ডল ছুরি দিয়ে কুপিয়ে জখম করেন।