বগিসংকট আছে: রেলসচিব
ট্রেনের বগিসংকট রয়েছে বলে স্বীকার করলেন রেল মন্ত্রণালয়ের সচিব আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘যতগুলো বগি প্রয়োজন, ততগুলো বগি আমাদের কাছে নেই। এ কারণে ছোট ছোট করে ট্রেন পরিচালনা করতে হয়।’
আজ মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন রেলসচিব। তিনি বলেন, কোনো কোনো ট্রেনের সঙ্গে চার-পাঁচটি কোচ আছে। কিন্তু একটি ট্রেনে কমপক্ষে ২৫টি কোচ দেওয়া যায়। সেই হিসাবে এই মুহূর্তে ৬০০ কোচের প্রয়োজন।
বগিসংকট নিরসনে মন্ত্রণালয় উদ্যোগ নিচ্ছে, জানিয়ে রেলসচিব বলেন, আপাতত ২৭০টি বগি ক্রয় প্রক্রিয়ার মধ্যে আছে। এগুলো যোগ হলে কিছু সংকট কমবে এবং যাত্রীদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হবে।
ঈদ সামনে রেখে আজ সকাল নয়টা থেকে ২৬ জুলাইয়ের জন্য টিকিট বিক্রি চলছে। প্রথম দুই দিনের মতো স্টেশনে আজও অনেক ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সকাল থেকে টিকিট কেনেন যাত্রীরা। বেলা পৌনে তিনটা থেকে একটার পর একটা কাউন্টার বন্ধ হওয়া শুরু হয়। তবে স্টেশন ম্যানেজার খায়রুল বশির প্রথম আলোকে জানিয়েছেন, ঘোষণা অনুযায়ী টিকিট বিক্রি শেষ হলে যাত্রীদের চাহিদা অনুযায়ী স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে।