বগুড়া থেকে ৬০০ বস্তা সার নারায়ণগঞ্জে পাচারকালে আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া জেলার মানচিত্র

বগুড়া থেকে নারায়ণগঞ্জে ৬০০ বস্তা ইউরিয়া সার পাচারকালে আটক করেছে পুলিশ। শেরপুর থানা–পুলিশ গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১০টায় ঢাকা-বগুড়া মহাসড়কের শহরের ধুনটরোড এলাকায় সারবোঝাই ট্রাক দুটি আটক করে। প্রতিটি বস্তায় সার আছে ৫০ কেজি। এই সারের মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা। ট্রাকে সারের বস্তাগুলো ঢাকা ছিল।

উভয় ট্রাকের দুজন চালক ও তাঁদের সহকারীদের আটক করেছে পুলিশ। তাঁরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার চালক মফিজুল ইসলাম (২৮) ও তাঁর সহকারী বাবুল আকন্দ (২৮) এবং আরেক চালক মিজানুর রহমান (৩৪) ও তাঁর সহকারী আবদুল হালিম (২৭)। শেরপুর থানা–পুলিশের উপপরিদর্শক (এসআই) সাঈফ আহমেদের নেতৃত্বে সোমবার দিবাগত রাতে অভিযানে তাঁদের আটক করা হয়।

সাঈফ আহমেদ বলেন, ট্রাকে সারের বস্তাগুলো তোলা হয়েছিল বগুড়া রেলগেটে তিনমাথা মোড়ের একটি গুদাম থেকে এবং তা নেওয়া হচ্ছিল নারায়ণগঞ্জে। উভয় ট্রাকের চালক ও সহকারীরা নারায়ণগঞ্জে এ সার নেওয়ার কোনো প্রয়োজনীয় কাগজ দেখাতে পারেননি। এমনকি সারের প্রকৃত মালিক কে, তা–ও তাঁরা নিশ্চিত করতে পারেননি। আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত জব্দ করা সারের কোনো মালিককে পাওয়া যায়নি।