বগুড়ায় আবাসিক হোটেল থেকে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার
বগুড়া শহরের একটি আবাসিক হোটেল থেকে মুশফিকুর রহমান (৬০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে বগুড়া শহরের সাতমাথাসংলগ্ন টেম্পল সড়কের একটি হোটেল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে সদর থানা-পুলিশ। এ সময় ভেতর থেকে কক্ষটি বন্ধ ছিল বলে পুলিশ জানিয়েছে।
লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মুশফিকুর জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দা গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন কৃষক বলে পুলিশ জানিয়েছে।
লাশটি যেখানে পাওয়া গেছে, সেই আমজাদিয়া হোটেলের ব্যবস্থাপক বুলবুল আহমেদের ভাষ্যমতে, গত বৃহস্পতিবার বিকেলে হোটেলের চারতলার চার নম্বর কক্ষে ওঠেন মুশফিকুর রহমান। শহরে আসার কারণ ‘চিকিৎসার কাজ’ বলে হোটেলের রেজিস্ট্রার খাতায় উল্লেখ করেছিলেন।
হোটেল কর্তৃপক্ষের ভাষ্য, শুক্রবার সারা দিন ভেতর থেকে সাড়া-শব্দ না পেয়ে সন্ধ্যায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে রাত ৯টার দিকে পুলিশ এসে দরজা ভেঙে ভেতর থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মুশফিকুরের লাশ উদ্ধার করে।
বগুড়া সদর ফাঁড়ির পরিদর্শক তাজমিলুর রহমান প্রথম আলোকে লাশ উদ্ধারের খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
মুশফিকুর রহমানের প্রতিবেশী ও হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখতে মুশফিকুর বগুড়ায় যান। তিনি একসময় অবস্থাপন্ন কৃষক ছিলেন। তবে ধার-দেনায় জর্জরিত হয়ে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন।