বগুড়ায় ঈদের প্রধান জামাত সূত্রাপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া জেলার মানচিত্র

পবিত্র ঈদুল ফিতরে বগুড়া জেলাজুড়ে ১ হাজার ৬৬৭টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। শহরের প্রধান জামাত সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল নয়টায় অনুষ্ঠিত হবে। অন্যান্য ঈদগাহ ময়দানের ব্যবস্থাপনা কমিটিও জামাতের সময়সূচি ঘোষণা করেছে।
সকাল নয়টায় শহরের স্টেশন সড়কের বায়তুর রহমান সেট্রাল মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। সকাল সোয়া নয়টায় শহরের ঠনঠনিয়া, সাবগ্রাম, ফুলদীঘি ময়দানে ও সুলতানগঞ্জপাড়া ঈদগাহ ময়দানে। সকাল সাড়ে নয়টায় ঈদের জামাত হবে আটাপাড়া আল্লামিয়াতরা ঈদগাহ ময়দানে।

সকাল সাতটায় ঈদের বড় জামাত অনুষ্ঠিত হবে শহরের চকলোকমান চকলোকমান আল-জামিয়াতুল ইসলামিয়া কাছেমুল উলুম জামিল মাদ্রাসা জামে মসজিদে। সকাল আটটায় আল-জামিয়াতুল ইসলামিয়া কাছেমুল উলুম জামিল মাদ্রাসায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। সকাল আটটায় একযোগে তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এই তিনটি জামাত হবে কাটনারপাড়া করনেশন স্কুল মাঠ, সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা মাদ্রাসা মাঠ ও মালতীনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।

আহলে হাদিস অনুসারীদের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় বগুড়া জিলা স্কুল মাঠে। আবহাওয়া অনুকূলে না থাকলে কিংবা বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে নয়টায় শহরের নিউমার্কেটের কেন্দ্রীয় জামে মসজিদে।

আজ সোমবার দুপুর ১২টায় শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেছেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। ঈদুল ফিতরে বগুড়া জেলাজুড়ে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, ধমীর্য় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ঈদ উদ্‌যাপনে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব ধরনের কাজ করছে। সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কয়েক স্তরে নিরাপত্তাবলয় থাকবে। নারী পুলিশ, সাদাপোশাকে গোয়েন্দা পুলিশ ও স্পেশাল ব্রাঞ্চের পুলিশও মাঠে মোতায়েন থাকবে। বগুড়ায় এবার ১ হাজার ৫০৪টি ঈদগাহ ময়দান এবং ১৬৩ মসজিদে ১ হাজার ৬৬৭টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।