বগুড়ায় কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেলচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় পণ্য খালাস করে ফেরা কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়ন পরিষদের সামনে আজ রোববার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত মোটরসাইকেলচালক হলেন মতিউর রহমান (২৮)। তিনি দিনাজপুর সদর উপজেলার ভান্ডারদহ গ্রামের বাসিন্দা ও সিরাজগঞ্জে একটি বেসরকারি সংস্থায় কর্মী পদে কর্মরত ছিলেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, দিনাজপুরে ঈদের ছুটি কাটিয়ে মোটরসাইকেল চালিয়ে রংপুর–ঢাকা মহাসড়ক হয়ে কর্মস্থল সিরাজগঞ্জে ফিরছিলেন মতিউর রহমান। পথে বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদের সামনে একটি ভাঙা অংশে মোটরসাইকেল নিয়ে মহাসড়কে ছিটকে পড়েন তিনি। এ সময় পেছনে থাকা রংপুর থেকে পণ্য খালাস করে ঢাকার দিকে ফেরা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলচালক মতিউর রহমানকে চাপা দেয়। কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই মতিউর নিহত হন। পরে স্থানীয় লোকজন তাঁর লাশ উদ্ধার করে সঙ্গে থাকা মুঠোফোনের সূত্র ধরে পরিচয় নিশ্চিত হন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা–পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহত মোটরসাইকেলচালক দিনাজপুরের বাসিন্দা বলে জানা গেছে।