বগুড়ায় কৃষককে কুপিয়ে হত্যার দায়ে বাবা ও দুই ছেলের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

বগুড়ায় জমির আল কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে এক কৃষককে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে এক বাবা এবং তাঁর দুই ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মোছা. হাবিবা মণ্ডল এ রায় দেন।

দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদীঘি উত্তর পাড়া গ্রামের ইদ্রিস আলী (৬৫) এবং তাঁর দুই ছেলে আবদুল হামিদ ও মিলন মিয়া।

বগুড়ার অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) নাসিমুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় দণ্ড পাওয়া ব্যক্তিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।

মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, জমির আল কাটা নিয়ে তর্ক হলে ২০০৪ সালের ৯ আগস্ট সকালে বালিয়াদীঘি গ্রামের কৃষক সুরুজ্জামানকে কোদাল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। প্রথমে তাঁকে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে এরপর সুরুজ্জামানকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ওই ঘটনায় নিহতের ভাই শহিদুজ্জামান বাদী হয়ে প্রথমে হত্যাচেষ্টা ও মারামারির অভিযোগ এনে ১০ আগস্ট গাবতলী মডেল থানায় মামলা করেন। মামলায় একই গ্রামের ইদ্রিস আলী, তাঁর দুই ছেলেসহ আরও কয়েকজনকে আসামি করা হয়। পরে সুরুজ্জামান মারা গেলে সেটি হত্যা মামলায় রূপ নেয়। তদন্ত শেষে পুলিশ ২০০৪ সালের ৩১ ডিসেম্বর ইদ্রিস আলী এবং তাঁর দুই ছেলে আবদুল হামিদ ও মিলন মিয়াকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। শুনানি শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি নাসিমুল করিম এবং আসামিপক্ষে ছিলেন সাবেক পিপি রেজাউল করিম ও লুৎফর রহমান।