বগুড়ায় ছাত্র খুনের ঘটনায় গ্রেপ্তার ১
বগুড়ায় সরকারি শাহ সুলতান কলেজের ইংরেজি বিভাগের সম্মান শেষ বর্ষের ছাত্র সোনা মিয়া খুনের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে মনির হোসেন (১৮) নামে এক তরুণকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজির আহমেদ খান বলেন, মনির হোসেন একজন পেশাদার ছিনতাইকারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুনির খুনের দায় স্বীকার করেছে। পরে গতকাল শুক্রবার সন্ধ্যায় বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফেরদৌস ওয়াহিদের আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তার সহযোগী রাকিবকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জবানবন্দিতে মনির জানায়, সোনা মিয়ার সতীর্থ খেলোয়াড়দের হাতে পিটুনি খেয়ে তারা দুজন মাঠের প্রবেশপথে ওত পেতে থাকে। পিটুনির প্রতিশোধ ও বদলা নিতেই সোনা মিয়াকে উপর্যুপরি ছরিকাঘাত করা হয়।
থানা-পুলিশ সূত্র জানায়, আত্মগোপনে থাকা মনির ও তার সহযোগী রাকিবকে (২০) ধরতে গাবতলীার গজারিয়া গুচ্ছগ্রামে অভিযান চালানো হয়। বিষয়টি টের পেয়ে রাকিব পালিয়ে গেলেও মনির ধরা পড়ে। মনির শহরের বাদুরতলা তিব্বতের মোড় এলাকার কোরবান আলীর এবং রাকিব চেলোপাড়া এলাকার রানা মিয়ার ছেলে।