বগুড়ায় দুজনকে এক বছরের কারাদণ্ড, আটক ২৫

বগুড়ায় নাশকতার অভিযোগে যুবদল ও শ্রমিক দলের দুই নেতাকে এক বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বগুড়া ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোস্তফা আলী মিঠু ও একই ওয়ার্ডের শ্রমিক দলের সভাপতি নিতু সরকার।
পুলিশের দাবি, গতকাল বুধবার রাত ১১টার দিকে তাঁদের দুজনকে দুটি ককটেলসহ সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সামনে থেকে আটক করা হয়।
বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামানের ভ্রাম্যমাণ আদালত তাঁদের তাৎক্ষণিকভাবে এক বছর করে কারাদণ্ডাদেশ দেন। বগুড়ার সহকারী পুলিশ কমিশনার গাজীউর রহমান প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে বগুড়া জেলায় ২৪ ঘণ্টার হরতাল চলছে। পুলিশের তথ্যমতে, আটক হওয়া ব্যক্তিরা হরতালের আগের রাতে বিভিন্ন জায়গায় নাশকতা সৃষ্টির জন্য এসব বিস্ফোরক দ্রব্য বহন করছিলেন। গতকাল রাত থেকে আজ বেলা দুইটা পর্যন্ত বগুড়া জেলা থেকে ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে ২৫ জনকে আটকের খবর জানিয়েছে পুলিশ।