বগুড়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল। আজ শহরের নওয়াববাড়ি সড়কের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে
ছবি: প্রথম আলো

বগুড়ায় তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আজ রোববার জেলা যুবদল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) পৃথকভাবে এ কর্মসূচির আয়োজন করে। বেলা সাড়ে ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত শহরের নওয়াববাড়ি সড়কে বিএনপির কার্যালয়ের সামনে যুবদলের সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন বলেন, সরকার নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি করে লুটপাট করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বর্তমান সরকার ব্যর্থ। সরকারকে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা উচিত। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে শিগগিরই অবৈধ সরকারের পতনে দুর্বার আন্দোলন শুরু হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে এ আন্দোলন শেষ হবে। নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলন সফল করার আহ্বান জানান তিনি।

সমাবেশে কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি হেলালুজ্জামান তালুকদার, জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম, যুবদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক নাজমুল আলম, সহসাংগঠনিক সম্পাদক মাহাফুজ-উন-নবী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য দেন।

অন্যদিকে চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম কমানো, বর্তমান ফ্যাসিবাদী দুঃশাসন হটানো ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে বাসদ বিকেলে শহরের সাতমাথায় সমাবেশের আয়োজন করে। সমাবেশে বাসদের জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সদস্যসচিব সাইফুজ্জামান, সদস্য মাসুদ পারভেজ, শহিদুল ইসলাম, দিলরুবা নূরী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি ধনঞ্জয় বর্মন প্রমুখ।

সাইফুল ইসলাম বলেন, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে খেটে খাওয়া মানুষ ও মধ্যবিত্তদের মধ্যে নাভিশ্বাস উঠেছে। করোনায় মানুষ চাকরি হারিয়েছে, আয় কমেছে, অথচ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। সরকার বাজার নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ। উল্টো মুনাফালোভী বাজার সিন্ডিকেটকে প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে সরকার।

সমাবেশ থেকে গ্রাম ও শহরের শ্রমজীবী মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নিত্যপণ্যের বেসরকারি বাণিজ্য বন্ধ, রাষ্ট্রীয় বাণিজ্য বাড়ানো, বাজার মনিটরিং জোরদার, মুনাফাখোর সিন্ডিকেট ভেঙে ফেলা, মজুতদার, আড়তদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, টিসিবির ট্রাকের সংখ্যা বাড়ানো, গ্রাম পর্যন্ত ওএমএসের বিক্রি সম্প্রসারিত করা, শ্রমজীবী মানুষের জন্য পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানানো হয়।

এ ছাড়া সমাবেশ থেকে ২৮ মার্চ বাম গণতান্ত্রিক জোটের ডাকা দেশব্যাপী অর্ধদিবস হরতাল সফল করতে শহরের বিভিন্ন মোড়ে প্রচারপত্র বিলি মিছিল, সমাবেশ, পথসভার ঘোষণা দেওয়া হয়।