বগুড়ায় ১০ পিকেটার আটক, পাঁচজনকে দণ্ড

রাজশাহী বিভাগে বিএনপির ডাকা হরতাল চলাকালে আজ রোববার বগুড়ার মাটিডালি এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে পিকেটিং করার সময় ১০ জনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের মধ্য থেকে পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন।
দণ্ডিত ব্যক্তিরা হলেন মামুনুর রশীদ, আজমল হোসেন, মশিউর রহমান, আশরাফুল ইসলাম ও সাব্বির হোসেন। তাঁদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।
বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) গাজিউর রহমান জানান, সকাল সাড়ে দশটার দিকে মাটিডালি এলাকায় ইটপাটকেল হাতে নিয়ে হরতাল-অবরোধের সমর্থনে পিকেটিং করার সময় ১০ জনকে আটক করা হয়। এর মধ্যে পাঁচজনকে নাশকতা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। অন্য পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেন। পরে তাঁদেরও কারাগারে পাঠানো হয়।
এদিকে নেতা-কর্মীদের গণগ্রেপ্তারের প্রতিবাদে নতুন করে আরও ১২ ঘণ্টা হরতাল ডেকেছে জেলা বিএনপি। জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘোষিত সময় অনুযায়ী রাজশাহী বিভাগে সোমবার সন্ধ্যা ছয়টায় হরতাল শেষ হলেও বগুড়ায় মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত চলবে।
এর আগে গতকাল শনিবার রাতে একই মহাসড়কে আরও তিনটি পণ্যবাহী ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।