বগুড়ার ব্যবসায়ীরা হরতাল-অবরোধ মানবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক দলগুলোর ডাকা আর কোনো হরতাল-অবরোধ না মানার ঘোষণা দিয়েছেন বগুড়ার ব্যবসায়ীরা। পাশাপাশি হরতালেও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা এবং তাতে কেউ বাধা দিতে এলে লাঠি-বাঁশি হাতে প্রতিরোধের ঘোষণা দেওয়া হয়েছে। আজ সোমবার থেকেই ঘোষণা অনুযায়ী দোকানপাট খোলা হবে বলে জানান তাঁরা।
বগুড়া শহরের সাতমাথায় গতকাল রোববার ব্যবসায়ীদের ১২টি সংগঠনের সদস্যরা ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করে ওই ঘোষণা দেন। বেলা সাড়ে ১১টায় ব্যবসায়ীরা ‘হরতাল-অবরোধমুক্ত ব্যবসা চাই’, ‘সন্ত্রাসমুক্ত রাজনীতি চাই’ ‘সহিংস রাজনীতি বন্ধ কর’ ইত্যাদি ব্যানার-প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন। পরে সেখানে সমাবেশ হয়।
সমাবেশে মুদ্রণশিল্প মালিক সমিতির সভাপতি ও গণজাগরণ মঞ্চ বগুড়ার সমন্বয়ক মাসুদুর রহমান বলেন, ‘এক মাস ধরে ব্যবসায়ীদের জিম্মি করে হরতাল-অবরোধ চলছে। দিনের পর দিন দোকানে তালা ঝুলছে। এভাবে কোনো দেশ চলতে পারে না।’ তিনি বলেন, ব্যবসায়ীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন প্রতিরোধ ছাড়া কোনো পথ নেই। কাল থেকে শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠান খুলবে। সবার কাছে লাঠি-বাঁশি থাকবে। কেউ নাশকতা করতে এলে বা দোকান খুলতে বাধা দিলে বাঁশি বাজবে। এরপর লাঠি হাতে সবাই মিলে নাশকতাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।’
বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল মেশিনারিজ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, বগুড়ার জেলা বিএনপির সদস্য ও শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকার বাদল বলেন, ‘রাজনীতিতে যে সংকট চলছে, তা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। সংঘাত কোনো রাজনৈতিক সমাধান হতে পারে না। এতে অর্থনীতি ধ্বংস হচ্ছে। ব্যবসায়ীরা বর্তমান অবস্থা থেকে মুক্তি চায়।’
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি এনামুল হক বলেন, ‘ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ। ব্যবসায়ীরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ব্যবসায়ীদের এমন কষ্টে আমরা চুপচাপ থাকতে পারি না। ব্যবসায়ীরা রাজনৈতিক দলের ক্ষমতার পালাবদলের হাতিয়ার হতে পারে না। হরতালের নামে ব্যবসায়ীদের পথে নামানোর এই চলমান ষড়যন্ত্র ব্যবসায়ীদেরই প্রতিহত করতে হবে।’
সমাবেশে একাত্মতা ঘোষণা করেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন। তিনি বলেন, ‘ব্যবসায়ীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আর কোনো হরতাল আমরা মানব না। হরতাল দিয়ে “দোকানপাট খুলবে না” স্লোগানের দিন শেষ। এখন হরতালে দোকানপাট খুলবে। কেউ বাধা দিতে এলে ব্যবসায়ীরা হাত গুটিয়ে বসে থাকবেন না।’
ওই মানববন্ধন ও সমাবেশে অংশ নেওয়া সংগঠনগুলো: হলো বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ, বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল মেশিনারিজ মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বগুড়া সদর দোকানমালিক সমিতি, বগুড়া নিউমার্কেট মার্চেন্ট অ্যাসোসিয়েশন, শেখ শরিফ উদ্দিন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি, মেরিনা মার্কেট দোকানমালিক সমিতি, জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতি, খান মার্কেট ব্যবসায়ী সমিতি, আহম্মদ মার্কেট দোকানমালিক সমিতি, পোলট্রি ওনার্স অ্যাসোসিয়েশন, মুদ্রণশিল্প মালিক সমিতি ও হেলাল মার্কেট ব্যবসায়ী সমিতি।