বগুড়ার শেরপুরে বাসের চাপায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর রাজাপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে
ছবি: প্রথম আলো

বগুড়ার শেরপুর উপজেলায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর একজন। আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার মির্জাপুর রাজাপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী আছেন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। আহত একজনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ কে এম বানিউল আনাম প্রথম আলোকে বলেন, হানিফ এন্টারপ্রাইজের একটি বাস মির্জাপুর রাজাপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার পাঁচ যাত্রী মারা গেছেন। বাসচালক পালিয়ে গেছেন। বাসটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বাসের চাপায় দুমড়েমুচড়ে গেছে অটোরিকশা। বুধবার বিকেলে শেরপুর উপজেলার মির্জাপুর রাজাপুর এলাকায়
ছবি: প্রথম আলো

প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম ও রফিকুল ইসলাম জানান, হানিফ এন্টারপ্রাইজের বাসটি বেপরোয়া গতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। বাসটি সিরাজগঞ্জমুখী অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে পাঁচজন মারা যান। পরে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশগুলো উদ্ধার করে।