বগুড়ায় উত্ত্যক্তের জেরে লেখাপড়া বন্ধ হচ্ছে মাদ্রাসাছাত্রীর
সহপাঠীদের সঙ্গে নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যেত নবম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রী (১৪)। কিন্তু এক কিশোরের (১৬) উত্ত্যক্তের ঘটনায় তার লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ঘটনাটি বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগি ইউনিয়নের। ওই ছাত্রীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় গতকাল মঙ্গলবার ওই কিশোর (১৬) ও তার বাবার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ছাত্রীর বাবা।
ওই ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজারদীঘি দাখিল মাদ্রাসার ছাত্রী। অন্যদিকে উত্ত্যক্তকারী কিশোরও একই মাদ্রাসায় দশম শ্রেণিতে পড়ে।
ছাত্রীর মা প্রথম আলোকে বলেন, প্রায় এক মাস আগে ওই কিশোর তার মেয়েকে উত্ত্যক্ত করায় সে ১৫ দিন মাদ্রাসায় যেতে পারেনি। শিক্ষকদের অনুরোধে মেয়েকে আবারও তাঁরা মাদ্রাসায় পাঠান। এখন ওই ছেলে আবারও স্কুলে যাওয়া-আসার পথে মেয়েকে উত্ত্যক্ত করছে।
ওই ছাত্রী জানায়, তাকে যে কিশোর উত্ত্যক্ত করে, তার বাড়ি মাদ্রাসার পাশে। মাদ্রাসায় যাওয়া-আসার পথে প্রতিদিনই তাকে উত্ত্যক্তের শিকার হতে হয়। সে মুঠোফোনে নানা ধরনের ছবি তোলে। এ ঘটনায় নিষেধ করলে উল্টো অপহরণের হুমকি দেয় ওই কিশোর।
ছাত্রীর বাবা প্রথম আলোকে বলেন, গতকাল ওই কিশোর তাঁর মেয়ের আগের একটি ছবির সঙ্গে তার (কিশোর) একটি ছবি একত্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করেছে। সেই ছবি তার আত্মীয়স্বজনসহ অনেকেই দেখেছেন। নতুন করে মেয়েকে আবারও উত্ত্যক্ত করায় সে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে ভয় পাচ্ছে। আজ লজ্জায় মাদ্রাসা ও প্রাইভেটে যায়নি। তিনি আরও বলেন, মেয়েকে উত্ত্যক্তের ঘটনায় ওই কিশোরের অভিভাবককে একাধিকবার জানিয়েছেন। কিন্তু তাতে কোনো উপকার হয়নি।
রাজারদীঘি দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ওমর ফারুক বলেন, ওই ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় তাঁরাও ওই শিক্ষার্থী ও তাঁর অভিভাবকদের ডেকে শাসন করে দিয়েছেন। মাদ্রাসার দুজন শিক্ষক বলেন, ওই কিশোর তাঁদের মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। একটু বখাটে ধরনের। সে নিয়মিত মাদ্রাসায় আসে না।
এ বিষয়ে ওই কিশোর বাবা মো. ইমরুল বলেন, ওই ছাত্রীকে তাঁর ছেলে উত্ত্যক্ত করার ঘটনা জানার পর তিনি ছেলেকে শাসন করেছেন। ওই মেয়ের সঙ্গে ছবি একত্র করে ছেলের ফেসবুকে আপলোড করার বিষয়টি তিনি জানেন না। এ ছাড়া ছেলের উত্ত্যক্তের কারণে ওই ছাত্রীর মাদ্রাসায় যাওয়া বন্ধ হওয়ার বিষয়ে তিনি অবগত নন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।