বগুড়ায় চার কিশোরকে চুরির অপবাদে নির্যাতনের অভিযোগ
বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ জোয়ানপুরে চার কিশোরকে চুরির অপবাদ দিয়ে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে দুই কিশোরের বাবা স্বপন মণ্ডল থানায় মামলা করেছেন।
নির্যাতনের শিকার চার কিশোর হলো মহিপুর কলোনি গ্রামের স্বপন মণ্ডলের ছেলে তুষার (১৫) ও তুহিন (১৩) এবং একই গ্রামের ফিরোজ (১৬) ও মেহেদী (১৩)। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
তুষার ও তুহিনের বাবা স্বপন মণ্ডল বলেন, ওই চার কিশোর জোয়ানপুর গ্রামের ইয়াকুব আলীর ধানের মিলে শ্রমিক হিসেবে কাজ করত। তাদের প্রতিদিনের শ্রমের মূল্য ছিল ৪০০ টাকা। কিশোরদের সাত দিনের শ্রমের টাকা মিলমালিকের কাছে বকেয়া ছিল। গতকাল বিকেলে বকেয়া টাকা দেওয়ার কথা ছিল। সারা দিন কাজের পর বিকেলে বকেয়া টাকা চাইতে গেলে মিলমালিক ইয়াকুব আলী ও তাঁর আরেক সহযোগী মো. রাসেল চার কিশোরকে মিলের বৈদ্যুতিক তার চুরির অপবাদ দেন। এ সময় কিশোরেরা চুরির বিষয়টি অস্বীকার করলে মিলমালিক ও তাঁর সহযোগী লাঠি দিয়ে তাদের অমানুষিক নির্যাতন করেন।
চিকিৎসাধীন চার কিশোর বলে, তারা কেউ চুরির সঙ্গে জড়িত নয়। মিলমালিক টাকা না দেওয়ার জন্য তাদের নামে মিথ্যা অপবাদ দিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রামজীবন ভৌমিক প্রথম আলোকে বলেন, ওই চার কিশোরকে চুরির অপবাদ দিয়ে শারীরিকভাবে নির্যাতনের ঘটনায় আশপাশের লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। সংবাদ পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল বিকেলে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়। এ সময় মিলমালিককে পাওয়া যায়নি। নির্যাতনে আহত কিশোরেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাদের শরীরে ফোলা ও জখমের চিহ্ন দেখা গেছে।
স্থানীয় দুই ব্যক্তি সূত্রে জানা গেছে, ওই কিশোরদের শারীরিকভাবে নির্যাতনের ঘটনায় আশপাশের লোকজন ক্ষুব্ধ হয়ে মিলের দিকে গেলে মিলমালিক দ্রুত সটকে পড়েন। এ ঘটনায় আজ বুধবার মিলমালিক ইয়াকুব আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, নির্যাতনের ঘটনায় গতকাল রাত সাড়ে ১১টায় কিশোরদের অভিভাবক থানায় মারধরের অভিযোগ এনে মামলা করেছেন। অভিযোগে মিলমালিক ইয়াকুব আলী ও তাঁর সহযোগী মো. রাসেলকে আসামি করা হয়েছে। তাঁরা পলাতক থাকায় তাৎক্ষণিক তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে দ্রুত তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।