বগুড়া আজিজুল হক কলেজে বহিরাগত দুই দলের সংঘর্ষ, ছুরিকাহত ২
বগুড়ার সরকারি আজিজুল কলেজে স্কুলছাত্রীকে নিয়ে আড্ডা দেওয়ার জেরে বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে ছুরিকাঘাত করা হয়েছে। আজ বুধবার বেলা তিনটার দিকে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজ প্রশাসন ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অজয় নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
ছুরিকাহত দুজন হলেন সরকারি শাহ সুলতান কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী মোহাম্মদ আসাদ (১৮) ও সরকারি আজিজুল হক কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী শোয়েব আহমেদ। এ ছাড়া তুষার আহম্মেদ (২৩) নামের শাহ সুলতান কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের সবার বাড়ি শহরের পুরান বগুড়া এলাকায়। তাঁদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা দুইটার দিকে সরকারি আজিজুল হক কলেজের শের-ই-বাংলা হলের সামনে বগুড়ার একটি বিদ্যালয়ের এক ছাত্রীকে নিয়ে দুই কিশোর বসে গল্প করছিল। এ সময় পুরান বগুড়া এলাকার কিছু শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা সেখানে উপস্থিত হয়ে ওই ছাত্রীর সামনে ওই দুই কিশোরকে মারধর করেন। মার খেয়ে বহিরাগত ওই দুই কিশোর লোকজন নিয়ে বেলা তিনটার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে গল্প করতে বাধা দেওয়া শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ সময় দুজন ছুরিকাহতসহ তিন শিক্ষার্থী আহত হন। কলেজ প্রশাসন ও শিক্ষার্থীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং অজয় নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হরিদাস মণ্ডল প্রথম আলোকে বলেন, কলেজ ক্যাম্পাসে বহিরাগত ছেলেমেয়েরা বসে গল্প করায় আরেকটি পক্ষ তাদের বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুজন ছুরিকাহতসহ মোট তিনজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী প্রথম আলোকে বলেন, বহিরাগত দুই দল বখাটে কিশোর ক্যাম্পাসে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কলেজের একজন শিক্ষার্থী আহত হন। ক্যাম্পাসের পরিস্থিতি বর্তমানে শান্ত।