বগুড়া-জামালপুর নৌপথে ৮ দিন পর সি-ট্রাকের পারাপার
বগুড়া-জামালপুর নৌপথে আট দিন পর সি-ট্রাক চলাচল আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে জামালপুরের মাদারগঞ্জ–সংলগ্ন বগুড়ার সারিয়াকান্দির জামথল ফেরিঘাট থেকে ৭১ জন যাত্রী নিয়ে সারিয়াকান্দি সদরের কালীতলা ঘাটের উদ্দেশে যাত্রা করে সি–ট্রাকটি। শহীদ আবদুর রউফ সেরনিয়াবাত নামের সি-ট্রাকটি পরিচালনা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
ইঞ্জিন বিকল হওয়ায় ২৩ আগস্ট থেকে বগুড়া-জামালপুর নৌপথে সি–ট্রাকের যমুনা নদী পাড়ি দেওয়া বন্ধ হয়ে যায়।
বিআইডব্লিউটিসির চার্টার্ড ফেরি সেবার ইজারাদার জাহিদুর রহমান আজ সকাল সাড়ে ১০টার দিকে প্রথম আলোকে বলেন, পুরোনো এই সি-ট্রাকের ইঞ্জিন বিকল হওয়ায় যাত্রী পারাপার বন্ধ ছিল। পরে নারায়ণগঞ্জ ডকইয়ার্ড থেকে কারিগরি দল ও বিআইডব্লিউটিসির প্রকৌশলীরা এসে বিকল ইঞ্জিন মেরামত করেন। আট দিন পর আজ চলাচল শুরু হয়।
দীর্ঘ প্রতীক্ষার পর ১২ আগস্ট বগুড়া–জামালপুর নৌপথে সি-ট্রাক চালু হয়। উদ্বোধনের ১১ দিনের মাথায় ২৩ আগস্ট ইঞ্জিন বিকল হওয়ায় যাত্রীসেবা বন্ধ হয়ে যায়।