বগুড়ার গাবতলীতে জামাই মেলার পর জমজমাট বউ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ঐতিহ্যবাহী জামাই মেলার পরের দিন বসে বউ মেলা। মেলায় পুরুষ নিষিদ্ধ, তবে দোকানি হিসেবে কেউ কেউ থাকেন। গাবতলীর মহিষাবান গ্রামের ত্রিমোহনী এলাকায়
ছবি: প্রথম আলো

গ্রামের মাঠে বসে জমজমাট মেলা। মেলায় রেশমি চুড়ি, আলতা-চিরুনি, হাঁড়ি-পাতিল, খুন্তি-কড়াই, পানের বাটাসহ হরেক রকম পণ্যের পসরা সাজান বিক্রেতারা। ক্রেতারা বলতে সবাই নারী। মেলায় পুরুষ ‘নিষিদ্ধ’, তবে দোকানি হিসেবে কেউ কেউ থাকেন। দিনব্যাপী মেলা ঘুরে নারীরা স্বাচ্ছন্দ্যে বিভিন্ন ধরনের পণ্য কিনে থাকেন। নারীদের জন্য বসা এ মেলার নাম ‘বউ মেলা’। বগুড়ার গাবতলী উপজেলার পশ্চিম মহিষাবান ইউনিয়নের ইছামতী নদীর তীরে ৩০ বছর ধরে এ মেলার আয়োজন করা হয়। অন্যান্যবারের ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার এ মেলা বসেছে।

মেলার আয়োজকেরা বলেন, বাংলা পঞ্জিকা অনুসারে প্রতিবছর মাঘ মাসের শেষ বুধবার ইছামতী নদীর তীরে বসে ঐতিহ্যবাহী ‘পোড়াদহ জামাই মেলা’। মেলায় বড় বড় মাছ কিনে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া এলাকার শত বছরের রেওয়াজ। মেলা উপলক্ষে আশপাশের গ্রামগুলোর বউয়েরা বাবার বাড়িতে নাইওর আসেন। পোড়াদহ মেলায় লাখো মানুষের ভিড়ের কারণে মেয়েরা মেলায় আসতে পারেন না। এ জন্য প্রায় তিন দশক ধরে জামাই মেলার এক দিন পর ত্রিমোহিনী গ্রামে নারীদের জন্য বউ মেলার আয়োজন করা হচ্ছে। গ্রামের নারীরাই মেলায় বেশি আসেন বলে এটি ‘বউ মেলা’ নামে পরিচিত।

এবারের বউ মেলায় আশপাশের বিভিন্ন গ্রামের গৃহবধূ, মেয়েরা হরেক রকমের জিনিস কিনতে সকাল থেকেই ভিড় জমান। গাবতলী ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলা এলাকা থেকে নারীরা মেলায় কেনাকাটা করতে আসেন। তাঁরা নিজেদের জন্য কসমেটিকস ও গয়না কেনেন। কেনেন সংসারে নিত্যব্যবহার্য হরেক রকমের পণ্য। মেলায় বিভিন্ন প্রসাধনীর দোকানসহ ছিল হরেক পদের মিঠাই-মিষ্টান্নের দোকান। এ ছাড়া চটপটি-ফুচকা থেকে মুখরোচক নানা পদের খাবারের দোকান ছিল। বিনোদনের জন্য ছিল নাগরদোলা, চরকি, দোলনাসহ নানা আয়োজন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মেলা উপলক্ষে এলাকাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। এ উপলক্ষে আশপাশের গ্রামের বিবাহিত নারীরা বাবার বাড়িতে বেড়াতে আসেন। এ ছাড়া তাঁদের আত্মীয়স্বজনকেও বাড়িতে নিমন্ত্রণ করা হয়।

বগুড়ার ঐতিহ্যবাহী বউ মেলা। মেলায় নারীরা সংসারে নিত্যব্যবহার্য হরেক রকমের পণ্য কেনেন। গাবতলীর মহিষাবান গ্রামের ত্রিমোহনী এলাকায়, ১০ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো

মেলায় আসা ত্রিমোহনী গ্রামের নিলুফা বেগম প্রথম আলোকে বলেন, ‘বছর ঘুরে মেলা উপলক্ষে বাবার বাড়ি নাইওর আসার অপেক্ষায় থাকি। এক দিন আগে স্বামীর সঙ্গে বাবার বাড়ি এসেছি। নিজের জন্য চুড়ি, ফিতা, আলতা, কানের দুল-ঝুমকা কিনেছি। সবাইকে কিছু না কিছু কিনে দিয়েছি।’

মহিষাবান গ্রামের গৃহবধূ ডলি আকতার বলেন, ‘পুরুষের ভিড়ে পোড়াদহ মেলায় যাওয়া যায় না। তাই এটা এই এলাকার বউ-মেয়ে-ঝিদের প্রাণের মেলা। ঐতিহ্যবাহী এ মেলায় এসে পুরোনো বান্ধবীদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ মেলে। আনন্দে প্রাণ ভরে যায়।’

রানীরপাড়া গ্রামের গৃহবধূ সুরাইয়া পারভিন প্রথম আলোকে বলেন, ‘মেলায় এসে আলতা, চুড়ি ও ফিতা কিনেছি। নাগরদোলায় উঠেছি, চটপটি-ফুচকা খেয়েছি। খুব মজা করেছি।’

মেলায় ক্রেতা-বিক্রেতা সবাই নারী হলেও কিছু ক্ষেত্রে কিশোর ও পুরুষ বিক্রেতারাও ছিলেন। মেলা যেহেতু নারীদের, সুতরাং শুধু নারীরাই মেলায় প্রবেশ করতে পারবেন। তাই সন্ধ্যার আগে যেন কোনো পুরুষ মেলায় প্রবেশ না করেন, তা আগে থেকেই বলা ছিল।

মেলা আয়োজক কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পোড়াদহ মেলার মতো এটি এখন এ অঞ্চলের কন্যা-বধূদের ঐতিহ্যবাহী প্রাণের মেলা। বছরের এই এক দিন মেলায় এসে নারীরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। এখানে কন্যা-বধূদের মহামিলন ঘটে। এবার করোনার কারণে পোড়াদহ মেলায় উচ্ছ্বাস কিছুটা কম ছিল। তবে বউ মেলায় নারীদের উচ্ছ্বাস ছিল অন্যবারের চেয়ে বেশি।’