বগুড়ার গাবতলীতে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান প্রার্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বগুড়ার গাবতলী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রচারণায় অংশ নিতে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আশরাফুল হক ওরফে গোল্লা (৫৫) নিহত হয়েছেন।

বুধবার বিকেলে বগুড়া-গাবতলী সড়কে খলিশাকুড়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকেল পাঁচটার দিকে চিকিৎসকেরা আশরাফুল হককে মৃত ঘোষণা করেন।

নিহত আশরাফুল হক ৩০ জানুয়ারি ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত গাবতলী উপজেলার নবগঠিত সুখানপুকুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী ছিলেন। তাঁর বাড়ি গাবতলী উপজেলার ডঁওর গ্রামে। তিনি গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়ন বিএনপির প্রস্তাবিত কমিটির সহসভাপতি ছিলেন।

গাবতলী পৌরসভার মেয়র সাইফুল ইসলাম বলেন, আশরাফুল হক উপজেলার নেপালতলী ইউপির সাবেক সদস্য এবং নেপালতলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এবার তিনি নবগঠিত সুখানপুকুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়া লতিফুল ইসলাম বলেন, ৩০ জানুয়ারি ইউপি নির্বাচনে প্রচারণায় অংশগ্রহণের জন্য বুধবার বিকেলে আশরাফুল বগুড়া শহর থেকে উপজেলার সুখানপুকুর বাজারের দিকে ফিরছিলেন। পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, হাসপাতালে নেওয়ার আগেই আশরাফুল মারা যান। বিকেল পাঁচটার দিকে তাঁকে জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।