বগুড়ার দুই হাসপাতালে ২০টি হাই ফ্লো নাজাল ক্যানুলা দিল এস আলম গ্রুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুটি সরকারি হাসপাতালের জন্য ২০টি হাই ফ্লো নাজাল ক্যানুলা হস্তান্তর করে এস আলম গ্রুপ। আজ শনিবার সকালে বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে।
ছবি: প্রথম আলো

বগুড়ার সরকারি দুই হাসপাতালে শ্বাসকষ্টে থাকা করোনা রোগীদের উচ্চমাত্রায় অক্সিজেন সরবরাহের জন্য অবশেষে ২০টি হাই ফ্লো নাজাল ক্যানুলা মিলেছে। বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান এস আলম গ্রুপের পক্ষ থেকে আজ শনিবার দুটি হাসপাতালে ১০টি করে হাই ফ্লো নাজাল ক্যানুলা হস্তান্তর করা হয়।

হাসপাতাল দুটি হলো শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও মোহাম্মদ আলী হাসপাতাল। এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলামের পক্ষে হাই ফ্লো নাজাল ক্যানুলাগুলো হস্তান্তর করেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের হাসপাতাল পরিদর্শক মোহাম্মদ আকরাম হোসেন।

বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক ছাড়াও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মহসিন এবং মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক এ টি এম নুরুজ্জামান এসব সামগ্রী গ্রহণ করেন। মোহাম্মদ আলী হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিকভাবে এই হাই ফ্লো নাজাল ক্যানুলা হস্তান্তর করা হয়।

মোহাম্মদ আলী হাসপাতাল প্রশাসন সূত্রে জানা গেছে, গত বছর করোনার সংক্রমণ শুরুর পর থেকেই করোনা বিশেষায়িত হিসেবে পরিচালিত হয়ে আসছে হাসপাতালটি। কিন্তু এক বছরেও পর্যাপ্ত হাই ফ্লো নাজাল ক্যানুলার বরাদ্দ মেলেনি। এখন পর্যন্ত এ হাসপাতালে মাত্র দুটি হাই ফ্লো নাজাল ক্যানুলা চালু আছে। এর বাইরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া আরও দুটি হাই ফ্লো নাজাল ক্যানুলা মিললেও এখনো তা বাক্সবন্দী আছে।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আবদুল ওয়াদুদ বলেন, এই হাসপাতালে হাই ফ্লো নাজাল ক্যানুলা আছে ১২টি। এর মধ্যে একটি বিকল। বাকি ১১টি দিয়ে ১০০ রোগীকে সেবা দিতে হয়। নতুন করে ১০টি হাই ফ্লো নাজাল ক্যানুলা পাওয়ায় করোনা রোগীদের আরও বেশি সেবা দেওয়া সম্ভব হবে।