বগুড়ার পিসিআর ল্যাবে জট, কয়েক হাজার নমুনার আর পরীক্ষাই হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল
প্রথম আলো

বগুড়ায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নমুনা পরীক্ষার চাপ বেড়ে গেছে। এর ফলে উপসর্গ থাকা রোগীরা নমুনা দিয়ে এক সপ্তাহেও প্রতিবেদন পাচ্ছেন না। জেলায় আজ বুধবার পর্যন্ত ৯৪ হাজার ৩৭৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৮২ হাজার ১০৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩ হাজার ৮৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকি ১২ হাজার ২৬৮ জনের নমুনার ফলাফল এখনো মেলেনি। এমনকি উপযোগিতা না থাকায় এর মধ্যে সাড়ে ১১ হাজারের বেশি নমুনা পরীক্ষার ফল আর দেওয়াই হবে না।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, শুধু জুন মাসেই জেলায় নমুনা সংগ্রহ হয়েছে ৭ হাজার ১৫৮টি। বুধবার পর্যন্ত ৬ হাজার ৬১৬টি নমুনা পরীক্ষার প্রতিবেদন মিলেছে। এতে ১ হাজার ৫৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। অবশিষ্ট ৫৪২ জনের নমুনার এখনো ফল মেলেনি। জুনের আগেই জমা থাকা সাড়ে ১১ হাজার নমুনার কী হবে, এ প্রশ্নে তিনি স্বীকার করেন, সেসব নমুনা জটে আটকে গেছে এটা সত্য। সময় পেরিয়ে যাওয়ায় ওসব নমুনা আর পরীক্ষা করাও হবে না।

ডেপুটি সিভিল সার্জন বলেন, নমুনা পরীক্ষার জট বেশি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পিসিআর ল্যাবরেটরিতে। পরিস্থিতি সামাল দিতে জেলার বিভিন্ন হাসপাতালে জিন এক্সপার্ট ও অ্যান্টিজেন পরীক্ষার কার্যক্রমও চালু করা হয়েছে।

জেলায় বুধবার পর্যন্ত ৯৪ হাজার ৩৭৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৮২ হাজার ১০৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩ হাজার ৮৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকি ১২ হাজার ২৬৮ জনের নমুনার ফলাফল এখনো মেলেনি।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবরেটরিতে এক পালায় ৯৪টি নমুনা পরীক্ষা করতে আড়াই ঘণ্টা সময় লাগে। এভাবে তিন পালায় প্রতিদিন ২৮২টি নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে। অথচ ল্যাবরেটরিতে করোনা শনাক্তের জন্য প্রতিদিন শুধু বগুড়া জেলা থেকেই গড়ে ৪০০টি করে নমুনা আসছে। এর বাইরে পার্শ্ববর্তী জয়পুরহাট জেলা থেকেও প্রতি সপ্তাহে শনি, সোম ও বুধবার ৩০০ করে মোট ৯০০টি নমুনা পরীক্ষার জন্য এখানে এত দিন এসেছে। এ অবস্থায় গত এক মাসে অন্তত ১ হাজার নমুনা জমা হয়েছে এখানে, যেগুলোর ফলাফল আটকে আছে।

আশরাফুল মর্তুজা নামে বেসরকারি কোম্পানির একজন কর্মকর্তা বলেন, তিনি দুই সপ্তাহ ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টের মতো করোনার উপসর্গে ভুগছেন। করোনা পরীক্ষার জন্য ২০ জুন তিনি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের কর্মীদের কাছে বাসায় থেকেই নমুনা দেন। ছয় দিনের মাথায় ২৭ জুন প্রতিবেদন জানতে পারেন তিনি। তত দিনে তিনি অনেকটাই সুস্থ। সামিউল ইসলাম নামে বেসরকারি ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, করোনার উপসর্গ নিয়ে তিনিও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নমুনা দেন। সাত দিনের মাথায় তাঁকে জানানো হয় করোনা পজিটিভ। তত দিনে তিনি পরিবারসহ অনেকের সঙ্গে মিশেছেন।

জানতে চাইলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ রেজাউল আলম জুয়েল বলেন, মঙ্গলবার এখানে শুধু বগুড়া জেলা থেকে পরীক্ষার জন্য নমুনা এসেছে ৩৬৩টি। দিন শেষে তিন পালায় ২৮২টি নমুনা পরীক্ষা করা সম্ভব হয়। অবশিষ্ট ৮১টি নমুনা থেকে যায়। এভাবে গত এক মাসে ১ হাজারের মতো নমুনা জমা হয়েছে। ল্যাব থেকে তাই নমুনা পরীক্ষার ফল পেতে বিলম্ব হচ্ছে। অধ্যক্ষ বলেন, আগে জয়পুরহাট থেকেও নমুনা পাঠানো হতো। তবে বগুড়ায় সংক্রমণ বেড়ে যাওয়ায় ২৩ জুন থেকে অন্য জেলা থেকে আসা নমুনা পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে।

অত্যাধুনিক যন্ত্র এসে পড়ে আছে

নমুনা পরীক্ষার জট সামলাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবরেটরিতে আরও একটি অত্যাধুনিক যন্ত্র বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতি পালায় একসঙ্গে ৩৮৬টি নমুনা পরীক্ষার সক্ষমতার এই যন্ত্র গত ১৫ জুন কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএইচডি) থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবরেটরিতে এসে পৌঁছেছে। তবে দুই সপ্তাহেও যন্ত্রটি চালু করা হয়নি।

এ বিষয়ে অধ্যক্ষ রেজাউল আলম বলেন, যন্ত্রটি চালু করতে বায়োসেফটি কেবিনেট ছাড়াও ছোটখাটো কিছু যন্ত্রাংশ দরকার। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের দক্ষ টেকনিশিয়ান দল এসে এটি চালু করার কথা। কিন্তু এখনো ছোটখাটো যন্ত্রাংশ পৌঁছায়নি। এ ছাড়া টেকনিশিয়ান দলও আসেনি। অত্যাধুনিক এই যন্ত্র চালু হলে পিসিআর ল্যাবে এক দিনে ৬৬৮টি নমুনা পরীক্ষা সম্ভব।