বগুড়ার প্যানেল মেয়র আমিনুলের নামে দুদকের অভিযোগপত্র দাখিল
বগুড়া পৌরসভার প্যানেল মেয়র-২ (১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর) এবং শাহ ফতেহ আলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এটি ৩ কোটি ৭৯ লাখ ১৩ হাজার ৬৪৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলা।
সাড়ে তিন বছরের বেশি সময় ধরে তদন্ত শেষে গতকাল মঙ্গলবার দুদকের বগুড়া সমন্বিত কার্যালয়ে এই মামলার অভিযোগপত্র দাখিল করেন দুদকের প্রধান কার্যালয়ের গোয়েন্দা ইউনিটের উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমান। অভিযোগপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন দুদক বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মনিরুজ্জামান।
দুদক সূত্রে জানা গেছে, দুদকের সমন্বিত বগুড়া কার্যালয়ের তৎকালীন উপসহকারী পরিচালক মাহফুজ ইকবাল বাদী হয়ে ২০১৭ সালের ৯ এপ্রিল বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন। দাখিল করা অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৫-১৬ করবর্ষের আয়কর নথি অনুযায়ী আমিনুল ইসলামের বৈধ আয় ১ কোটি ২২ লাখ ২২ হাজার ৪৩ টাকা। ঋণ ও আয়কর এবং পারিবারিক ব্যয়ের পরিমাণ ১ কোটি ১৮ লাখ ৮৮ হাজার ৫৪৩ টাকা।
দায়দেনাসহ মোট আয়ের পরিমাণ ২ কোটি ৩১ লাখ ৪০ হাজার ৮৫০ টাকা। ব্যয়সহ অর্জিত সম্পদের পরিমাণ ৬ কোটি ১০ লাখ ৫৪ হাজার ৪৯৬ টাকা। এর মধ্যে ৩ কোটি ৭৯ লাখ ১৩ হাজার ৬৪৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন আমিনুল ইসলাম। অভিযোগপত্রে আমিনুল ইসলামের বিরুদ্ধে ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৬ (২) এবং ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে আমিনুল ইসলামের ভাষ্য, স্ত্রী ও নিজের নামে কেনা ৫ শতক জায়গার ওপর তাঁর ছয়তলাবিশিষ্ট একটি ভবন রয়েছে। কিন্তু জায়গা ও ভবনের একক মালিক তাঁকে দেখিয়ে দুদক এই মামলা করে। মামলার পরপরই কিছু কাগজপত্র নেন দুদকের তৎকালীন তদন্ত কর্মকর্তা। আরও কাগজপত্র পরে নেওয়ার কথা ছিল। কিন্তু দুদক থেকে আর কোনো যোগাযোগ করা হয়নি। এখন মিথ্যা তথ্যের ওপর তদন্ত শেষে মনগড়া অভিযোগপত্র দাখিল করা হলে আদালতেই ফয়সালা হবে।