বগুড়ার শেরপুরে চড়ক উৎসব উদ্‌যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে চড়ক পূজার উৎসব শহরের সান্যাল বাড়ির মাঠে
ছবি: প্রথম আলো

বগুড়ার শেরপুর উপজেলায় চৈত্রসংক্রান্তিতে চড়ক উৎসবের আয়োজন করা হয়েছে। ৪ এপ্রিল থেকে শুরু হওয়া এ উৎসবের শেষ দিন ছিল আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে শেরপুর পৌর শহরের সান্যালবাড়ির মাঠে মেলার আয়োজন করা হয়। চড়ক উৎসবের আয়োজকেরা জানিয়েছেন, শেরপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের চড়ক উৎসব আয়োজনের ইতিহাস অন্তত ৬৫ বছরের। বাংলা পঞ্জিকা অনুযায়ী আজ পয়লা বৈশাখ হলেও হিন্দু পঞ্জিকা অনুযায়ী আজ চৈত্রের শেষ দিন।

সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার বেলা তিনটার পর ওই এলাকা ঢাকঢোল ও কাঁসরের বাজনায় মুখরিত হয়ে ওঠে। উপজেলার বিভিন্ন এলাকার নারী-পুরুষেরা জড়ো হন এ আয়োজনে। চড়ক উৎসবের দিনে সান্যালবাড়ির মাঠ ও আশপাশের সড়কে মেলা বসেছে। পুকুর থেকে তুলে আনা চড়কগাছে দুধ, চিনি, মধু ও তেল দিয়ে অর্ঘ্য নিবেদন করছেন হিন্দুধর্মাবলম্বীরা।

শেরপুর পৌর শহরের উত্তরপাড়ার বাসিন্দা খোকা সরকার বলেন, অন্তত ৫৫ বছর ধরে তিনি এই চড়কপূজার আয়োজনে থাকছেন। শহরের দক্ষিণ পাড়ার একটি বাড়ি থেকে এই পূজার সূচনা হয়। পরে শহরের রামচন্দ্রপুর পাড়া, উত্তর সাহাপাড়া এবং গোঁসাইপাড়া এলাকায় এর আয়োজন চলে আসছে। চড়কপূজাকে ঘিরে এই এলাকা উৎসবে পরিণত হয়।

বগুড়ার শেরপুর উপজেলায় চৈত্রসংক্রান্তিতে চড়ক উৎসবের আয়োজন করা হয়েছে
ছবি: প্রথম আলো

চড়কপূজার আয়োজক সন্ন্যাসী চন্দ্র দাস বলেন, দেবাদিদেব মহাদেবের আরাধনায় এই চড়কপূজার প্রচলন। শেরপুরে ১৯ চৈত্র থেকে আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার চৈত্র মাসের শেষ দিন চড়কপূজার শেষ দিন। এই দিনটিকে চৈত্রসংক্রান্তি হিসেবে মানা হয়।

শেরপুর শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ছাম্মাক হোসেন বলেন, চড়ক উৎসবের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ। সকাল থেকে উৎসবস্থল ও আশপাশে পুলিশি নজরদারি রাখা হয়েছে।