বগুড়ার শেরপুরে দুই ছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা
বগুড়ার শেরপুর উপজেলায় গত এক সপ্তাহে দুই ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। পৃথক দুটি ঘটনায় গতকাল বুধবার রাতে থানায় মামলা করেছেন ওই দুই ছাত্রীর অভিভাবক। এর মধ্যে এক ছাত্রীকে উদ্ধার করা গেলেও অন্যজনের এখনো খোঁজ পাওয়া যায়নি।
শেরপুর থানার পুলিশ জানিয়েছে, অপহরণের ঘটনায় হওয়া মামলায় আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্নাফ হোসেন (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য মামলার আসামিদের ধরতে অভিযান চলছে।
থানায় করা পৃথক দুটি মামলার এজাহার থেকে জানা গেছে, ওই দুই ছাত্রীর বাড়ি উপজেলার গাড়িদহ ইউনিয়নে। তাঁদের মধ্যে একজন মাদ্রাসাছাত্রী, অন্যজন স্কুলছাত্রী। ওই মাদ্রাসাছাত্রীকে গত সোমবার সকাল সোয়া নয়টার দিকে মাদ্রাসায় যাওয়ার সময় মুন্নাফ হোসেন অপহরণ করেন বলে এজাহারে বলা হয়েছে। আজ সকালে ওই ছাত্রীকে উদ্ধারের পর মুন্নাফকে গ্রেপ্তার করে পুলিশ।
আর স্কুলছাত্রীকে অপহরণ করা হয় গত শনিবার সকাল পৌনে ১০টার দিকে। সেদিন স্কুলে যাওয়ার পথে তাঁকে মো. শাহীনসহ (২৪) চার-পাঁচজন তরুণের একটি দল অপহরণ করে বলে মামলার এজাহারে বলা হয়। স্কুলছাত্রীকে এখনো উদ্ধার করা যায়নি। শাহীনকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মাদ্রাসার ছাত্রী অপহরণের ঘটনায় মামলার তদন্ত করছেন শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, আজ বৃহস্পতিবার সকালে মুন্নাফ গোপনে ওই ছাত্রীকে নিয়ে নিজের বাড়িতে আসেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ওই ছাত্রীকে উদ্ধার করা হয় এবং মুন্নাফকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। পরে বেলা তিনটার দিকে মুন্নাফকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলার বাদী মাদ্রাসাছাত্রীর বাবা বলেন, তাঁর মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন মুন্নাফ হোসেন। এতে পরিবার রাজি না হওয়ায় মুন্নাফ তাঁর মেয়েকে অপহরণ করেন।
স্কুলছাত্রীকে অপহরণের মামলার তদন্ত করছেন শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) সাঈফ আহমেদ। তিনি বলেন, এ ঘটনায় মো. শাহীনসহ পাঁচজনের নামে অপহরণের মামলা হয়েছে। এই ছাত্রীকে আজ বৃহস্পতিবার বেলা তিনটা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।
স্কুলছাত্রীর বাবা বলেন, তাঁর মেয়ে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করত মো. শাহীন। এ ঘটনায় তাঁরা প্রতিবাদ করেন। গত শনিবার পৌনে ১০টার দিকে তাঁর মেয়ে স্কুলে যাওয়ার পথে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যান শাহীন ও তাঁর লোকজন। এরপর শাহীনের অভিভাবকেরা মেয়েকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েও ফিরিয়ে দেননি। এ কারণে মেয়েকে উদ্ধারের জন্য বৃহস্পতিবার রাতে তিনি পুলিশের শরণাপন্ন হন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, পৃথক দুটি অপহরণের ঘটনায় গতকাল বুধবার রাতে ওই ছাত্রীদের অভিভাবকেরা থানায় মামলা করেছেন। তাঁদের উদ্ধারে পুলিশের তৎপরতা চলছে।