বগুড়ার ১৪ ইউপির ৭টিতে বিএনপি নেতাদের জয়
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বগুড়ার গাবতলী ও দুপচাঁচিয়া উপজেলার ১৪টি ইউপির মধ্যে ৭টিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির ৭ নেতা নির্বাচিত হয়েছেন। বাকি সাতটি ইউপির মধ্যে চারটিতে আওয়ামী লীগ, দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর নেতা বিজয়ী হয়েছেন।
গতকাল বুধবার গাবতলী উপজেলার ৯টি ইউপি ও দুপচাঁচিয়া উপজেলার ৫টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দুপচাঁচিয়ার সব ইউপিতে নৌকার প্রার্থী পরাজিত হয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী বিএনপির নেতারা হলেন রামেশ্বরপুর ইউপিতে আবদুল ওহাব মণ্ডল, মহিষাবানে আবদুল মজিদ মণ্ডল ও নশিপুরে রাজ্জাকুল আমিন তালুকদার, দুপচাঁচিয়া সদর ইউপিতে মোয়াজ্জেম হোসেন, গোবিন্দপুরে সাখাওয়াত হোসেন মল্লিক, চামরুলে শাহজাহান আলী এবং জিয়ানগরে আনোয়ার হোসেন।
এদিকে নৌকা প্রতীকের নির্বাচিত প্রার্থীরা হলেন গাবতলী সদর ইউপিতে ফারুক আহম্মেদ, নাড়ুয়ামালায় আবদুল গফুর মণ্ডল, বালিয়াদিঘীতে ইউনুছ আলী ফকির ও দক্ষিণপাড়ায় রফিকুল ইসলাম। এদিকে আওয়ামী লীগের বিদ্রোহী দুই বিজয়ী প্রার্থী হলেন দুর্গাহাটায় শহীদুল কবীর ও কাগইলে আবদুর রশিদ মোল্লা।
এ ছাড়া গুনাহার ইউপিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর নেতা নুর মোহাম্মদ আবু তাহের নির্বাচিত হয়েছেন।