বগুড়ায় আ.লীগ নেতার বিরুদ্ধে বাড়ি দখলচেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে এবার পৌনে সাত শতক জায়গাসহ বসতবাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বগুড়া প্রেসক্লাবে এক সিএনজি-অটোরিকশাচালক সংবাদ সম্মেলন করে এ দাবি করেন।
সংবাদ সম্মেলনকারী ব্যক্তির নাম ইব্রাহীম আলী। তাঁর বাড়ি শিবগঞ্জ উপজেলা সদরের বানাইল মহল্লায়। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বানাইল মৌজায় পৈতৃক সূত্রে পাওয়া পৌনে সাত শতক জায়গায় তিনটি দোকানঘর এবং বসতবাড়ি তুলে তিনি বাস করছেন। সেই বসতভিটা ও দোকানঘরে চোখ পড়েছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হকের। তিনি আবুল হাসনাত নামের একজনের কাছ থেকে একই দাগের দক্ষিণ পাশের ১০ শতক জায়গা কিনে নেন। এরপর তিনি উত্তর পাশের পৌনে সাত শতকসহ বসতবাড়ি ও দোকানঘর দখলের চেষ্টা করছেন। ইতিমধ্যেই তাঁর ভাড়াটে লোকজন গিয়ে বসতবাড়ি ছেড়ে দেওয়ার জন্য ভয়ভীতি ও হুমকি দিয়ে এসেছে। বাড়ি ছাড়া না হলে মামলা দিয়ে জেলের ভাত খাওয়ানোর হুমকি দেওয়া হচ্ছে।
ইব্রাহীম আলী বলেন, ‘এখন আমি সপরিবারে নিরাপত্তাহীনতায় ভুগছি। নিরাপত্তা চেয়ে শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে থানা কর্তৃপক্ষ তা নেয়নি। এখন শঙ্কায় আছি, যেকোনো সময় বসতবাড়ি থেকে আমাকে উচ্ছেদ করে অর্ধকোটি টাকার ওই সম্পত্তি জবরদখল করা হবে।’
এ ব্যাপারে বক্তব্য জানার জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, তিনি ৩১ জুলাই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে এখানে যোগ দিয়েছেন। এরপর কেউ ওই ধরনের অভিযোগ নিয়ে এখানে আসেনি।
এর আগে শ্মশানের জায়গা দখলের অভিযোগ ওঠে আজিজুল হকের বিরুদ্ধে। হিন্দু সম্প্রদায়ের লোকজন তাঁর বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ করে।