বগুড়ায় আইসোলেশনে এক ব্যক্তির মৃত্যু

বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে করোনা উপসর্গ নিয়ে ৪২ বছর বয়সী এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে শ্বাসকষ্ট, কাশিসহ করোনার উপসর্গ নিয়ে তিনি মারা যান।
এই ব্যক্তি বগুড়া শহরতলির সাবগাম চান্দপাড়ার বাসিন্দা। তিনি পেশায় মুদিদোকানি।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিক আমিন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে শ্বাসকষ্ট, কাশিসহ করোনার উপসর্গ নিয়ে আসা এই ব্যক্তিকে আইসোলেশনে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে রাতে মারা যান। করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। রোববার শহীদ জিয়াউর রহমান মেডিকেলে করোনা পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। কোনো কারণে দেরি হলে নমুনা রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হবে।
মৃত ব্যক্তির বড় ছেলে বলেন, তাঁর বাবা বাড়ির পাশে মুদিদোকানে বসার পাশাপাশি মুরগির ছোট একটি খামার দেখভাল করতেন। তাঁদের পরিবারের কারও ঢাকায় যাতায়াত নেই। পাড়া–প্রতিবেশীর কেউ বিদেশফেরতও নেই। এ ছাড়া তাঁর বাবার আগে থেকে কোনো শ্বাসকষ্টের সমস্যা ছিল না। চার দিন আগে শ্বাসকষ্টের সঙ্গে কাশি শুরু হয়। স্থানীয় এক চিকিৎসকের পরামর্শে ওষুধ খাচ্ছিলেন। বৃহস্পতিবার শ্বাসকষ্ট বেশি হলে করোনা সন্দেহে মোহাম্মদ আলী হাসপাতালে আনা হয়।
বগুড়ার সিভিল সার্জন গউসুল আজিম বলেন, করোনা পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত মৃত ব্যক্তির বাড়ি লকডাউন এবং লাশ যথানিয়মে দাফনের ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে বলা হয়েছে।