বগুড়ায় আঘাতের বদলা নিতে যুবককে ছুরিকাঘাতে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা।
প্রতীকী ছবি

বগুড়ায় নারীঘটিত বিষয় নিয়ে এক মহল্লার দুই দল যুবকের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। প্রথমে এক পক্ষ অন্য পক্ষের এক যুবককে ছুরিকাঘাতে আহত করে। আঘাতের বদলা নিতে গিয়ে ছুরিকাঘাতে প্রতিপক্ষের এক যুবককে হত্যা করে তারা।

গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে বগুড়া শহরের মালগ্রাম চকরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রথমে সাব্বির হোসেন (২৩) ছুরিকাঘাতে আহত হন। পরে সাব্বিরের সহযোগীরা জোবায়ের হোসেনকে (২০) ছুরিকাঘাত করেন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর জোবায়ের মারা যান।

জোবায়ের চকরপাড়ার টুলু প্রামাণিকের ছেলে এবং পেশায় ইটভাঙার শ্রমিক ছিলেন। সাব্বির ইলেকট্রনিকের কাজ করতেন। সাব্বির বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি মেয়েকে পছন্দ করতেন জোবায়ের। ওই মেয়েকে পছন্দ করেন সাব্বিরও। এ নিয়ে দুজনের মধ্যে শত্রুতা তৈরি হয়। এর জের ধরে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ প্রথম আলোকে বলেন, একটি মেয়েকে পছন্দ করা নিয়ে জোবায়ের ও সাব্বিরের মধ্যে শত্রুতা ছিল। এর জের ধরে প্রথমে সাব্বিরকে ছুরিকাহত করা হয়। পরে সাব্বিরের সহযোগীরা জোবায়েরের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাতে তাঁকে হত্যা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জোবায়েরকে হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।