বগুড়ায় আ.লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৯ জনকে অব্যাহতি
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় বগুড়া সদর, কাহালু ও নন্দীগ্রাম উপজেলায় নয়জনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল রাজী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউপি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
অব্যাহতি দেওয়া ব্যক্তিরা হলেন বগুড়া শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কাহালু উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান পি এম বেলাল হোসেন, কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আবদুর রহিম প্রামাণিক, কালাই ইউপির বর্তমান চেয়ারম্যান আবু তাহের সরদার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রুবেল হোসেন, জননেত্রী শেখ হাসিনা পরিষদের কাহালু উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাজাহান আলী, নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউপির আওয়ামী লীগ সদস্য মজনুর রহমান, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ হেল বাকী এবং ভাটগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল দৌলা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হয়ে মাঠে নেমে দলীয় শৃঙ্খলা অমান্য করায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া বহিষ্কারসহ তাঁদের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়।
বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আসাদুর রহমান বলেন, দল থেকে অব্যাহতি দেওয়া নয়জন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অমান্য করে ইউপি নির্বাচনে নৌকার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন। এ জন্য দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে তাঁদের দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁদের স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ বরাবর চিঠি পাঠানো হয়েছে।