বগুড়ায় করতোয়া নদীর দখল ও দূষণ বন্ধে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর উপজেলায় করতোয়া নদীর দখল ও দূষণ বন্ধে এক ঘণ্টার মানববন্ধন করা হয়েছে। শহরের ধুনট সড়ক এলাকায় আজ শনিবার এ মানববন্ধনের আয়োজন করা হয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও বেলা নেটওয়ার্ক যৌথভাবে এ আয়োজন করে। এতে সহযোগিতা করে শেরপুরের পরিবেশ প্রতিরক্ষা সংস্থা। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষজন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য দেন পরিবেশ প্রতিরক্ষা সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, প্রোগ্রেসিভ স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মো. শাহিনুজ্জামান প্রমুখ।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, দখল ও দূষণের কারণে উত্তর জনপদের ঐতিহ্যবাহী খরস্রোতা নদী করতোয়া এখন মৃত খালে পরিণত হয়েছে। তাঁরা অবিলম্বে নদীকে রক্ষা করার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।