বগুড়ায় করোনায় এক বৃদ্ধের মৃত্যু

বগুড়ায় কোভিডে সংক্রমিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শফি উল্লাহ (৭৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাঁড়িদহ মোস্তফাপুর গ্রামের বাসিন্দা।
আজ শনিবার রাত সাড়ে আটটার দিকে বগুড়ার বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের করোনা ইউনিটে তিনি মারা যান।
বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল প্রশাসন সূত্রে জানা গেছে, হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ রাত আটটার দিকে শফি উল্লাহ মারা যান।
টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও হাসপাতালের সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম (এইও) প্রথম আলোকে বলেন, কোভিডের উপসর্গ দেখা দিলে ১৬ জুলাই ওই রোগী এই হাসপাতালে ভর্তি হন। ওই দিনই তাঁর নমুনা সংগ্রহ করে কোভিড পরীক্ষার জন্য এই মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবরেটরিতে পাঠানো হয়। ল্যাবরেটরি থেকে আসা প্রতিবেদনে ১৭ জুলাই তিনি কোভিড পজিটিভ শনাক্ত হন। আজ রাত আটটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে আজ ভোর পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং মোহাম্মদ আলী হাসপাতালে কোভিড পজিটিভ শনাক্ত দুজন এবং উপসর্গে তিনজনের মৃত্যু হয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার পর্যন্ত বগুড়ায় কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ৪৪৬ জন। এর মধ্যে মারা গেছেন ৯৫ জন।