বগুড়ায় করোনা শনাক্তের হার বেড়ে ৪৮ শতাংশে পৌঁছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে
ফাইল ছবি

বগুড়ায় এক দিনের ব্যবধানে করোনাভাইরাস শনাক্তের হার প্রায় ১৪ শতাংশ বেড়েছে। গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৪৫ নমুনা পরীক্ষায় ১৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৮ দশমিক ৬৯ শতাংশ।

করোনার ঝুঁকি বেড়ে যাওয়ায় স্বাস্ব্য অধিদপ্তর ইতিমধ্যেই বগুড়া জেলাকে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করেছে।

জেলা সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ছয় মাসের মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় এটিই আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা। শনাক্ত রোগীর মধ্যে বগুড়া সদরের সর্বোচ্চ ১৩০ জন রয়েছেন। এক দিন আগে শনাক্তের হার ছিল ৩৫ শতাংশ। এক সপ্তাহ আগে শনাক্তের হার ছিল ৩০ শতাংশের নিচে। আর এক মাস আগে শনাক্তের হার ছিল ৫ শতাংশের নিচে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় নতুন কোনো মৃত্যু নেই। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৯ জন চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩, মোহাম্মদ আলী হাসপাতালে ২৬ এবং বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন রয়েছেন।

জেলার হাসপাতালগুলোতে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭৯৬ জনের। তাঁদের মধ্যে শুধু বগুড়ার বাসিন্দা ৬৮৮ জন। জেলায় এ পর্যন্ত ১ লাখ ৩২ হাজার ৮৬৩টি নমুনা পরীক্ষায় ২২ হাজার ৮০৩ জন করোনার রোগী শনাক্ত হয়েছেন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, শহর-গ্রামে সবখানেই সংক্রমণের হার বাড়ছে। সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ স্বাস্থ্যবিধি না মানা। যথাসময়ে টিকার ডোজ গ্রহণের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক ব্যবহার, জনসমাগম এড়িয়ে চলাসহ সতর্ক থাকলে করোনা থেকে নিরাপদ থাকা সম্ভব।