বগুড়ায় করোনা 'পজিটিভ' এক ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। হাসপাতালের কোভিড ইউনিটে মঙ্গলবার রাত পৌনে চারটার দিকে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়।
মারা যাওয়া ব্যক্তির নাম শহীদুল্লাহ সরকার (৭৭)। বাসা বগুড়া শহরের কাটনারপাড়া এলাকায়। বগুড়া শহরের হাড্ডিপট্টি এলাকায় তাঁর গাড়ির যন্ত্রাংশের ব্যবসা রয়েছে।
টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম ওই ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে শহীদুল্লাহ এই হাসপাতালের কোভিড ইউনিটে ২২ জুন সকালে ভর্তি হন। ওই দিনই পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ওই দিন সন্ধ্যায় তিনি করোনা ‘পজিটিভ’ হিসেবে শনাক্ত হন। মঙ্গলবার রাতে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায়। এ অবস্থায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত পৌনে চারটার দিকে তাঁর মৃত্যু হয়।
কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় শহীদুল্লাহর লাশ স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে। তাঁকে নিয়ে বগুড়ায় মঙ্গলবার পর্যন্ত সরকারি হিসেবে করোনা পজিটিভ ৩৩ জনের মৃত্যু হয়েছে।