বগুড়ায় করোনায় আরও দুই মৃত্যু
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার দুজন নারী কোভিড রোগী মারা গেছেন। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন একজন।
আজ সকাল পৌনে ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র জাহাঙ্গীর আলম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বগুড়ায় এখন পর্যন্ত কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন ৬ হাজার ৬৬৯ জন। তাঁদের মধ্যে মারা গেছেন ১৫৩ জন।
হাসপাতালের প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৯টার দিকে মারা গেছেন শাহানা পারভীন (৬০)। তিনি বগুড়া শহরের চক ফরিদ এলাকার আকরাম হোসেনের স্ত্রী।
কোভিড পজিটিভ শনাক্তের পর তিনি ২৩ আগস্ট শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
এ ছাড়া বেলা তিনটার দিকে মারা যান শাহিদা বেগম (৪০) নামের এক নারী। তিনি বগুড়া শহরের মালগ্রাম এলাকার নান্নু মিয়ার স্ত্রী। তিনিও ২৩ আগস্ট থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
অন্যদিকে বেলা দেড়টার দিকে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হেলাল উদ্দিন (৪০) নামের এক রোগী। তিনি বগুড়া সদরের বাসিন্দা।
৭ আগস্ট থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবরেটরিতে পাঠানো হলে ফল নেগেটিভ এসেছে।