বগুড়ায় কাদামাখা অবস্থায় পড়ে ছিল কলেজছাত্রের লাশ
বগুড়ার শেরপুরে খলিলুর রহমান (২০) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গাড়িদহ ইউনিয়নের বাংড়া গ্রামে করতোয়া নদীর পাশে একটি নার্সারিতে কাদামাখা অবস্থায় লাশটি পড়ে ছিল। লাশটির পরনে হাফপ্যান্ট ছিল। থানা-পুলিশ লাশটি উদ্ধার করে। আজ সোমবার সকাল নয়টার দিকে থানা-পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
নিহত খলিলুর গাড়িদহ মধ্যপাড়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। তিনি শেরপুর সরকারি কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র। লেখাপড়ার পাশাপাশি তিনি রংমিস্ত্রির কাজ করতেন।
নিহতের বড় ভাই খায়রুল দাবি করেন, তাঁর ভাইকে কেউ পরিকল্পিতভাবে হত্যা করেছে।
নিহত তরুণের বড় ভাই খায়রুল ইসলাম বলেন, গতকাল রোববার সন্ধ্যার পর তাঁর ভাই খলিলুর রহমান বাড়ি থেকে বের হন। আজ সকাল ছয়টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পান, তাঁর ভাইয়ের লাশ বাংড়া গ্রামের একটি নার্সারির মধ্যে পড়ে রয়েছে। এরপর তাঁরা এসে দেখেন, ভাইয়ের লাশ কাদামাখা অবস্থায় পড়ে রয়েছে। খায়রুল দাবি করেন, তাঁর ভাইকে কেউ পরিকল্পিতভাবে হত্যা করেছে।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রামজীবন ভৌমিক বলেন, নিহত ছাত্রের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় খলিলুরের বড় ভাই খায়রুল ইসলামের থানায় দেওয়া অভিযোগ অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে খলিলুর রহমানের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পুলিশ ঘটনাটি অনুসন্ধানে নেমেছে।