বগুড়ায় কোয়ারেন্টিন ভঙ্গ করায় করোনায় আক্রান্ত নার্সকে ভর্ৎসনা

করোনাভাইরাসে আক্রান্ত নার্স কোয়ারেন্টিন ভঙ্গ করায় তাঁকে ভর্ৎসনা করা হয়েছে। প্রশাসনের নির্দেশ এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে ওই নার্স শাশুড়ি ও সন্তানকে আত্মীয়ের বাসায় পাঠান এবং পরে নিজে রিকশায় করে হাসপাতালে গিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন বলে জানা গেছে।
ওই নার্স বগুড়া বক্ষব্যাধি হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্স হিসেবে কর্মরত।
গতকাল বুধবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় ওই নার্সের করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ আসে। তাঁকে উপশহর এলাকার ভাড়া বাসা লকডাউন করে সেখানেই আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়। পরিবারের সদস্যদের বাড়িতে কোয়ারেন্টিনে রাখা হয়। স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকে গতকাল রাতেই তাঁর ভাড়া বাসায় লকডাউনের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই নার্স গতকাল প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে না জানিয়ে বাড়ি ছাড়েন। গতকাল বিকেলে বৃষ্টির মধ্যে লকডাউন ভেঙে বাড়িতে তালা ঝুলিয়ে বের হয়ে পড়েন। এ সময় কোয়ারেন্টিনে থাকা তাঁর শাশুড়ি ও সন্তানকেও সঙ্গে নেন। তাঁদের গাবতলী উপজেলায় আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে নিজে রিকশায় চড়ে মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাজির হন।
মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিক আমিন বলেন, ‘উপসর্গ না থাকায় ওই নার্সকে বাড়িতেই আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। তাঁর বাসা লকডাউন করেছিল প্রশাসন। এরপরও হাসপাতালে আসতে চাইলে সেটা আমাদের বা সিভিল সার্জনকে জানাতে পারতেন। তাহলে অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাঁকে হাসপাতালে আনা যেত। কিন্তু তিনি কাউকে না জানিয়ে নিজেই রিকশায় চড়ে হাসপাতালে এসেছেন। একজন নার্স হয়ে খুবই বাজে কাজ করেছেন। এ জন্য তাকে ভর্ৎসনাও করা হয়েছে।’
তিনি আরও বলেন, রিকশাচালকও করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে বহনের কথা জানতে পেরে ভয়ে পালিয়েছেন। তাঁর শাশুড়ি, সন্তান কোয়ারেন্টিন ভেঙে আত্মীয়ের বাসায় গেছেন।এটা মোটেও ঠিক হয়নি।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত শুনে ফোন বন্ধ করে পালিয়ে যাওয়া সেই ব্যক্তির স্ত্রীর বড় বোন হলেন এই নার্স। ফুলতলা এলাকায় ভাড়া বাসা নিয়ে থাকা ওই ব্যক্তির গত ২৮ এপ্রিল করোনাভাইরাস শনাক্ত হয়। রাজধানীতে একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্মী ওই ব্যক্তি ১০ এপ্রিল বগুড়ার বাসায় ফিরেন। ঢাকাফেরত হওয়ায় ২৬ এপ্রিল তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নমুনা দেন। করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হওয়ার পর মুঠোফোনে তাঁকে বিষয়টি জানানো হলে আইসোলেশনে নেওয়ার আগেই মুঠোফোন বন্ধ করে তিনি পালিয়ে যান। সঙ্গে নেন ১২ বছরের শিশু সন্তানকে।
পরে ২৯ এপ্রিল বগুড়া সদর উপজেলার একটি গ্রাম থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাঁকে খুঁজে বের করে পুলিশ। পরে সেখানেই তাঁকে কোয়ারেন্টিনে রাখা হয়। তাঁর স্ত্রী–সন্তানেরও করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে।