বগুড়ায় কোভিডে অবসরপ্রাপ্ত এসআইয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ায় করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত পুলিশের অবসরপ্রাপ্ত এক উপপরিদর্শক (এসআই) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জেলার কোভিড ডেডিকেটেড মোহাম্মদ আলী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আজ মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে করোনা ‘পজিটিভ’ ওই রোগী মারা যান।

মৃত ব্যক্তির নাম সুবাস চন্দ্র রায়। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি পুলিশের এসআই পদে কর্মরত ছিলেন। ২০১১ সালে গাইবান্ধা সদর থানা থেকে তিনি অবসর নেন। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঘোষপাড়ার বাসিন্দা।

কোভিডে আক্রান্ত হয়ে মৃত সুবাস চন্দ্র রায়ের ছেলে সৌরভ রায় প্রথম আলোকে বলেন, তাঁর বাবা ১৯ জুন অসুস্থ বোধ করেন। ২০ জুন কোভিড পরীক্ষার জন্য বগুড়ার বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজে নমুনা দেওয়া হয়। ওই দিন নমুনা পরীক্ষার প্রতিবেদনে তিনি কোভিড ‘পজিটিভ’ শনাক্ত হন। রাতে তাঁকে বগুড়ার করোনা ডেডিকেটেড মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়।

মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিক আমিন রোগীর কোভিডে মৃত্যু নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, সুবাস চন্দ্র রায় নামে ওই রোগীর শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে মোহাম্মদ আলী হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তাঁর মৃত্যু হয়। কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় তাঁর মরদেহ সৎকারের জন্য গোবিন্দগঞ্জে পাঠানো হয়েছে।