বগুড়ায় কোভিডে আক্রান্ত আরও এক নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

বগুড়ায় করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত আরও এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর নাম আরেফা বেগম (৯৫)। তিনি শহরের রিয়াজ কাজি লেনের মৃত মনোয়ার হোসেনের স্ত্রী। আজ শনিবার বিকেল পৌনে চারটার দিকে শহরের সূত্রাপুর রিয়াজ কাজি লেনের নিজ বাসায় ওই নারী শ্বাসকষ্টে মারা যান। এ নিয়ে জেলায় গত ২৪ ঘণ্টায় কোভিডে ছয়জনের মৃত্যু হলো।

আরেফা বেগমের নাতি আতিকুল ইসলাম করোনা সংক্রমণে তাঁর নানির মৃত্যু নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, তাঁর নানি করোনার উপসর্গে ভুগছিলেন। পরীক্ষার জন্য বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবরেটরিতে গত বুধবার নমুনা দেওয়া হয়। বৃহস্পতিবার প্রাপ্ত প্রতিবেদনে তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। এরপর বাসাতেই আইসোলেশনে ছিলেন। আজ শ্বাসকষ্ট বেড়ে গেলে বিকেল পৌনে চারটার দিকে তাঁর মৃত্যু হয়। পরে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে তাঁর মরদেহ শহরের সবুজবাগ এলাকায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

অন্যদিকে আজ মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গ নিয়ে কোহিনুর বেগম (৫৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। সকাল সোয়া আটটার দিকে ওই নারীকে আইসোলেশনে ভর্তির পরপরই শ্বাসকষ্টে তাঁর মৃত্যু হয়।