বগুড়ায় কোভিডে আক্রান্ত ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার করোনা ডেডিকেটেড মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন কোভিড-১৯ পজিটিভ এক রোগীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা পৌনে দুইটার দিকে হাসপাতালের আইসোলেশনের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
কোভিডে মারা যাওয়া ওই রোগীর নাম জুলফিকার আলী (৪২)। তিনি বগুড়া শহরের নিউমার্কেটের পোশাক ব্যবসায়ী। তাঁর বাসা নিউমার্কেট-সংলগ্ন চুড়িপট্টি মার্কেটের ওপরতলায়।
মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক (আরএমও) এ টি এম নুরুজ্জামান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, জ্বর-শ্বাসকষ্টসহ উপসর্গ দেখা দেওয়ায় জুলফিকার আলী নামের ওই রোগী কোভিড পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দেন। ওই মেডিকেল কলেজের পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষায় তিনি কোভিড পজিটিভ শনাক্ত হলে তাঁকে ৮ জুন মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে আইসোলেশন ইউনিটের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়। এরপর কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে হাসপাতাল চত্বরে জানাজা শেষে তাঁর লাশ ধরমপুর এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তত্ত্বাবধায়ক বলেন, এ নিয়ে আইসোলেশনে কোভিড পজিটিভ ৭ জন ও উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যু হলো। এখন আইসোলেশনে চিকিৎসাধীন ৮০ জন। এর মধ্যে কোভিড পজিটিভ রোগী ৭০ জন। আর আইসোলেশন থেকে করোনা জয় করে সুস্থ হয়ে ফিরেছেন ৪০ জন।
করোনার উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু
এদিকে জেলায় করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে রাজীব কুণ্ডু (৪৫) নামের এক ব্যাংক কর্মকর্তার। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে আদমদীঘি উপজেলার চাঁপাপুর বাজারসংলগ্ন কাঞ্চনপুর গ্রামের নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাঁর নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
কোয়ান্টাম ফাউন্ডেশনের সংগঠক মিজানুর রহমান বলেন, আজ (মঙ্গলবার) সকাল ১০টার দিকে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় তাঁর মরদেহ স্থানীয় শ্মশানে সৎকার করা হয়েছে।