বগুড়ায় কোভিডে আরও একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলা করোনায় ১৭ জনের মৃত্যু হলো। মঙ্গলবার সকাল সাতটার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া ওই ব্যক্তির বয়স হয়েছিল ৫০ বছর। তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বাসিন্দা। দুপচাঁচিয়া শহরের মার্কেটের কাপড় ব্যবসায়ী ছিলেন তিনি।

টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী নির্বাহী কর্মকর্তা (এইও) আবদুর রহিম প্রথম আলোকে বলেন, কোভিডে আক্রান্ত ওই ব্যক্তিকে সোমবার দুপুর সোয়া ১২টার দিকে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে মঙ্গলবার সকাল সাতটার দিকে তাঁর মৃত্যু হয়। কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় জানাজা শেষে লাশ দাফন করা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় এ পর্যন্ত ১ হাজার ৫৫৪ জনের শরীরে কোরোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১৭ জন।