বগুড়ায় কোভিডে একজন, উপসর্গ নিয়ে মারা গেছেন আরেকজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

বগুড়ায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও এক ব্যবসায়ী মারা গেছেন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওই ব্যবসায়ীর নাম তোজাম্মেল হোসেন (৫০)। তাঁর বাসা বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায়। তিনি সিএনজি অটোরিকশা মেরামতের দোকানি ছিলেন।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আবদুল ওয়াদুদ প্রথম আলোকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কোভিড-১৯ রোগের উপসর্গ দেখা দিলে ওই রোগী বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দেন। গত ৩০ জুন তিনি কোভিড পজিটিভ শনাক্ত হন। ৬ জুলাই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। আজ বিকেল সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কোয়ান্টাম ফাউন্ডেশনের একটি স্বেচ্ছাসেবক দল স্বাস্থ্যবিধি মেনে তাঁর লাশ হাসপাতাল চত্বরে জানাজা শেষে ভাইপাগলার মাজার কবরস্থানে দাফনের ব্যবস্থা করেছে।

এদিকে করোনার উপসর্গ নিয়ে গতকাল রোববার রাতে একই হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন বাংলাদেশ বেতারের এক অবসরপ্রাপ্ত কর্মী। তাঁর নাম আফাজ উদ্দিন। তাঁর বাড়ি জয়পুরহাট শহরের মাস্টারপাড়া এলাকায়।

হাসপাতাল প্রশাসন সূত্রে জানা গেছে, জ্বর, শ্বাসকষ্টসহ কোভিড-১৯ রোগের উপসর্গ নিয়ে ওই রোগী গতকাল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। তাঁর নমুনা সংগ্রহ করে কোভিড পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়। পরীক্ষার রিপোর্ট আসার আগেই গতকাল রাতে তিনি মারা যান। কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় তাঁর লাশ দাফনের জন্য প্রস্তুত করে জয়পুরহাটে পাঠানো হয়েছে।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, জেলায় আজ পর্যন্ত কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন মোট ৪ হাজার ১৮০ জন। কোভিডে এ পর্যন্ত মারা গেছেন ৮০ জন। এ সময়ে কোভিড থেকে সেরে উঠে আইসোলেশনমুক্ত হয়েছেন ২ হাজার ১৭০ জন।