বগুড়ায় কোভিডে ব্যবসায়ীর মৃত্যু

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

বগুড়ায় কোভিডে আক্রান্ত হয়ে আরও এক ব্যক্তি মারা গেছেন। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

ওই ব্যক্তির নাম আবদুল হান্নান (৬০)। তিনি বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা। পেশায় ছিলেন ব্যবসায়ী।

হাসপাতালের মুখপাত্র ও হাসপাতালের সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম (এইও) বলেন, কোভিড পজিটিভ শনাক্ত ওই রোগী শ্বাসকষ্ট নিয়ে ১৩ জুলাই হাসপাতালে ভর্তি হন। ১৪ জুলাই দ্বিতীয় দফা নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হয়। সেখানেও তিনি কোভিড পজিটিভ শনাক্ত হন। শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। আজ বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক দল স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে তাঁর লাশ দাফনের ব্যবস্থা করেছে।

বগুড়ার ডেপুটি সিভিল সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, জেলায় এ পর্যন্ত কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯২৩ জন। মৃত্যু হয়েছে ৭৩ জনের।