বগুড়ায় কোরবানির গরু ‘বাংলালিংকে’র দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা
ষাঁড় গরুটির শরীরজুড়ে সাদা-কালো ডোরাকাটা দাগ। সারা রংটা একটু লালচে। জন্মের পর নাম রাখা হয়েছিল ‘বাংলালিংক’। ইতিমধ্যে বয়স পাঁচ বছর পেরিয়েছে। এবারের কোরবানির বাজার সামনে রেখে বিক্রির জন্য প্রস্তুত করা এই ষাঁড়টির ওজন ১ হাজার ৫০০ কেজি বলে দাবি করেছেন বগুড়ার গাবতলীর খামারি জহুরুল ইসলাম। এবারের কোরবানির ঈদে বগুড়া অঞ্চলে আকার ও ওজনে সবচেয়ে বড় ষাঁড় এটিই বলে দাবি তাঁর। তিনি ষাঁড়টির দাম হাঁকছেন ১৫ লাখ টাকা।
নাদুসনুদুস বিশালদেহী ষাঁড়টি অস্ট্রেলিয়ান হলিস্টিন ফ্রিজিয়ান জাতের। একনজর দেখতে উৎসুক জনতা ভিড় করছেন উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের বাওইটোনা গ্রামে জহুরুল ইসলামের বাড়িতে। গত বৃহস্পতিবার প্রথম আলোর এই প্রতিবেদকও হাজির হন ওই বাড়িতে। এ সময় গরু দেখতে আসা পাশের আকন্দপাড়া গ্রামের দিবাকর ঘোষ বলেন, এত বড় বিশালদেহী ষাঁড় এলাকার কোনো খামারে এই প্রথম। এ কারণে এ ষাঁড়টি দেখতে এসেছেন।
এ সময় দেখা যায়, খামারে মোটা দড়িতে বেঁধে রাখা হয়েছে বাংলালিংক নামের ষাঁড়টি। পাশেই বাঁধা এর মা গাভিটি। খামারে ভিড় জমিয়েছেন উৎসুক মানুষ। কথা হয় খামারি জহুরুলের সঙ্গে।
বেশি নাদুসনুদুস হওয়ার কারণে হাটে তোলা কষ্টসাধ্য হওয়ায় খামার থেকেই বাংলালিংক ষাঁড়টিকে বিক্রির চেষ্টা চলছে।
জহুরুল জানান, তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের রংপুরের পীরগঞ্জ শাখার ব্যবস্থাপক। চাকরির পাশাপাশি বাড়িতে খামার গড়েছেন তিনি। এক যুগ আগে বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) থেকে তিনি অস্ট্রেলিয়ান হলিস্টিন ফ্রিজিয়ান জাতের একটি গাভি কিনেছিলেন। পাঁচ বছর আগে সেই গাভি এঁড়ে বাছুর প্রসব করে। দেখতে নাদুসনুদুস এবং শরীরে ডোরাকাটা দাগ হওয়ায় নাম রাখা হয় ‘বাংলালিংক’। গত বছরই এর ওজন হয় ১ হাজার ৪০০ কেজি। কিন্তু গতবার করোনার কারণে কোরবানির বাজারে ফলে বড় গরুর ক্রেতা ছিল না। ফলে খামারে মায়ের সঙ্গে বড় হতে থাকে বাংলালিংক। ভালো দাম পেলে এবারের কোরবানির ঈদে ষাঁড়টি তিনি বিক্রি করে দিতে চান।
খামারি জহুরুল আরও বলেন, ব্যাংকে চাকরির কারণে তিনি ছুটির দিন ছাড়া খামারে তেমন সময় দিতে পারেন না। বাংলালিংকের যত্ন নেন পরিবারের সদস্যরা। পাঁচ বছর ধরে ষাঁড়টি পরিবারের সদস্যের মতো আদর–যত্নে বড় হয়েছে। তিনি বলেন, ‘সন্তানের মতোই মায়া পড়েছে খামারের এ প্রাণীটির প্রতি। যেখানেই থাকি সারাক্ষণ ওর কথা মনে পড়ে। ওকে খাওয়ানো হয়েছে কি না, গোসল করানো হয়েছে কি না, খোঁজখবর রাখি। বাড়িতে ফিরে পরম মমতায় ওর আদর–যত্ন করি। ষাঁড়টিকে পাঁচ বছর ধরে নেপিয়ার ঘাস, খড়, ছোলা, আলু, কলা, ধানের কুঁড়া ও ভুসি খাইয়ে প্রাকৃতিক উপায়ে বড় করা হয়েছে। মোটাতাজাকরণের কৃত্রিম কোনো পদ্ধতি বা হরমোনাল ইনজেকশন প্রয়োগ ছাড়াই ওকে খামারে লালন–পালন করা হয়েছে।’ তিনি বলেন, ‘প্রাকৃতিক পদ্ধতিতে মোটাতাজা করার কারণে এর মাংসও সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত হওয়ায় কোরবানির বাজারে ভালো দাম মিলবে বলে আশা করছি।’
জহুরুল আরও বলেন, দুই বছর পর এবার পুরোদমে কোরবানির হাট বসছে। বড় গরুর চাহিদাও রয়েছে। তবে বেশি নাদুসনুদুস হওয়ার কারণে হাটে তোলা কষ্টসাধ্য হওয়ায় খামার থেকেই বাংলালিংক ষাঁড়টিকে বিক্রির চেষ্টা চলছে।
বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, এবার জেলায় ৪৬ হাজার ১৫ জন খামারি ৪ লাখ ২৭ হাজার ২৯৫টি গবাদিপশু কোরবানির জন্য প্রস্তুত করেছেন। এ বছর জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ৩ লাখ ৫৯ হাজার ৩৭টি। এ হিসাবে জেলায় ৬৮ হাজারের বেশি পশু উদ্বৃত্ত রয়েছে।