বগুড়ায় যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে এক লাখ টাকা জরিমানা
বগুড়ায় জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর লাইসেন্সবিহীন যৌন উত্তেজনা সৃষ্টিকারী সিরাপ বিক্রি ও মজুতের অপরাধে এক ব্যবসায়ীর এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে শহরের কাঁঠালতলা ছাতাপট্টি এলাকায় ‘পান্না স্টোর’ নামের প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাছিম রেজা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের কাঁঠালতলা ৩ নম্বর রেলগেট ছাতাপট্টি এলাকায় পান্না স্টোর নামের দোকানে অবৈধভাবে লাইসেন্সবিহীন ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ‘মিসব্র্যান্ডেড’ সিরাপ বিক্রি ও মজুত করা হয়েছিল। বিষয়টির প্রমাণ পেয়ে পান্না স্টোরের মালিক মো. পান্নাকে ওষুধ আইন-১৯৪০ অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় জব্দ করা হয় যৌন উত্তেজনা সৃষ্টিকারী দাবি করা অবৈধ ‘জিংসিং’ ও ‘লায়ন’ ব্র্যান্ডের ৩৬০ বোতল সিরাপ। পরে জব্দ করা বোতলগুলো বগুড়া জেলখানার পাশে ডাম্পিং স্টেশনে বুলডোজারে গুঁড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় জব্দ করা হয় যৌন উত্তেজনা সৃষ্টিকারী দাবি করা অবৈধ ব্র্যান্ডের ৩৬০ বোতল সিরাপ। পরে জব্দ করা বোতলগুলো বগুড়া জেলখানার পাশে ডাম্পিং স্টেশনে বুলডোজারে গুঁড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম ও পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শাহ আলী।