বগুড়ায় গুলি, বন্দুকসহ ২২ মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

বগুড়ায় তিনটি গুলি, বিদেশি পিস্তলসহ ২২ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে শহরের বকশীবাজার মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মোহাম্মদ ব্রাজিল (৩২)। তিনি বগুড়া সদর উপজেলার দক্ষিণ গোদারপাড়া এলাকার বাসিন্দা।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আলী হায়দার চৌধুরী প্রথম আলোকে বলেন, মোহাম্মদ ব্রাজিলের বিরুদ্ধে অস্ত্র আইনে ২টি, মাদক আইনে ১টি, অ্যাসিড নিক্ষেপ অপরাধ আইনে ২টি, সন্ত্রাসবিরোধী আইনে ২টি, বিস্ফোরক দ্রব্য আইনে ৫টি, বিশেষ ক্ষমতা আইনে ৪টি, চাঁদাবাজির ৬টিসহ বিভিন্ন ধারায় ২২টি মামলা বিচারাধীন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বলেন, মোহাম্মদ ব্রাজিলের বিরুদ্ধে একটি মামলা গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই মামলায় গ্রেপ্তারের পর ব্রাজিল পুলিশকে জানান, তাঁর হেফাজতে অস্ত্র আছে। পরে গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে তাঁকে সঙ্গে নিয়ে শহরতলির পালশা চৌকিরপাড় এলাকা থেকে গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার হয়।