বগুড়ায় গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সহসম্পাদক নাজমুল হাসান (২৫) গুলিবিদ্ধ হওয়ার সপ্তাহখানেক পর মারা গেছেন। গতকাল সোমবার রাত ১১টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতালের উপপরিচালক আবদুল ওয়াদুদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল রাত ১১টার দিকে নাজমুল হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
২ জানুয়ারি রাত আটটার দিকে নাজমুল হাসানকে গুলি করা হয়। এরপর আহত অবস্থায় তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
পুলিশ জানিয়েছে, নাজমুল ও আপেল কয়েকজন সঙ্গীসহ ডাবতলা মোড়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে পালিয়ে যায়। এ সময় নাজমুল ও আপেল গুলিবিদ্ধ হন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা প্রথম আলোকে বলেন, এ ঘটনায় গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসানের স্ত্রী স্বর্ণালী বেগম বাদী হয়ে সাতজনকে আসামি করে হত্যাচেষ্টার মামলা করেছিলেন। এতে প্রধান আসামি করা হয়েছে মালগ্রাম এলাকার স্বেচ্ছাসেবক লীগের নেতা রাসেলকে।